সাতক্ষীরায় ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

সাতক্ষীরা প্রাণনাথ বহুমুখী উচ্চবিদ্যালয়ের পুরোনো ভবন ভাঙার সময় পড়ে গিয়ে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন। আজ রোববার বেলা দুইটার দিকে সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম মো. আলাউদ্দিন (৩৫) ও আহত শ্রমিকের নাম জামালউদ্দিন (৩৫)। তাঁরা সাতক্ষীরা শহরের সুলতানপুর সাহাপাড়ার বাসিন্দা।

কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আলাউদ্দিন, জামালউদ্দিনসহ কয়েকজন শ্রমিক প্রাণনাথ বহুমুখী উচ্চবিদ্যালয়ের পুরোনো ভবন ভাঙার কাজ করছিলেন। ভাঙার একপর্যায়ে দোতলা থেকে পড়ে আলাউদ্দিন ও জামালউদ্দিন আহত হন। পরে অন্য শ্রমিকেরা তাঁদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক আলাউদ্দিনকে মৃত ঘোষণা করেন। জামালউদ্দিনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান প্রথম আলোকে জানান, আলাউদ্দিনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।