সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত হাবিবুর রহমান
ছবি: সংগৃহীত

সাতক্ষীরায় কাঠভর্তি ইঞ্জিনচালিত ভ্যানের ধাক্কায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক এক সদস্য নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাতটার দিকে সাতক্ষীরা শহরের শিশু হাসপাতালের সামনে সাতক্ষীরা-যশোর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাবেক ইউপি সদস্যের নাম হাবিবুর রহমান ওরফে ছোট খোকন (৩২)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার কাশেমপুর গ্রামের আবু নাসের সরদারের ছেলে।

নিহত হাবিবুরের বড় ভাই জাহাঙ্গীর আলম বলেন, তাঁর ভাই আগরদাঁড়ি ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য হাবিবুর রহমান প্রাতর্ভ্রমনে বেরিয়ে বাড়ি ফেরার সময় আজ সকাল সাতটার দিকে দুর্ঘটনার শিকার হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সকাল পৌনে আটটার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কবীর বলেন, ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ইঞ্জিনভ্যানটি আটক করা হয়েছে।