সাতক্ষীরায় হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস প্রতীকী ছবি
প্রথম আলো

করোনাভাইরাসের উপসর্গ জ্বর–শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


মারা যাওয়া ব্যক্তির নাম হারুন অর রশিদ (৫৬)। তিনি যশোর জেলার কেশবপুর উপজেলা সদরের বাসিন্দা।  

হাসপাতালের তত্ত্বাবধায়ক রফিকুল ইসলাম জানান, করোনাভাইরাসের উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ৭ আগস্ট মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হন হারুন অর রশিদ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে আটটার দিকে তিনি মারা যান। এর আগে তাঁর করোনাভাইরাসের সংক্রমণ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রতিবেদন এখনো পাওয়া যায়নি।

সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত সরকার বলেন, স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফন করতে বলা হয়েছে স্বজনদের। তাঁর বাড়ি লকডাউনের জন্য স্থানীয় প্রশাসনকে বলা হয়েছে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনাভাইরাস উপসর্গ নিয়ে হাসপাতালে এ পর্যন্ত ৮৬ জনের মৃত্যু হয়েছে। পরীক্ষায় সংক্রমণ শনাক্ত হয়েছে ১৬ জনের।