সাতক্ষীরায় হাসপাতালে ভর্তি কোভিড রোগীর ৫৭ ভাগ সুস্থ, মারা গেছেন ১১ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি। ছবি: রয়টার্স
প্রতীকী ছবি। ছবি: রয়টার্স

কোভিড-১৯ রোগের জন্য নির্ধারিত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় তিন মাসে এ রোগে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৩৬৪ জন রোগী চিকিৎসা নিয়েছেন। ভর্তি রোগীর ৫৭ দশমিক ১৪ শতাংশ সুস্থ হয়েছেন। মারা গেছেন ১০ দশমিক ৭১ শতাংশ। শনিবার হাসপাতালে ভর্তি ছিলেন ১১৭ জন। আক্রান্ত ও মৃত্যুর হার বেড়েছে ১ জুলাই থেকে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক রফিকুল ইসলাম জানান, ২৯ মার্চ জেলা করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালটি কোভিড-১৯ রোগীদের জন্য নির্ধারণ করা হয়। উপসর্গ নিয়ে এ হাসপাতালে প্রথম রোগী ভর্তি হন ২৫ এপ্রিল। সেখান থেকে শনিবার পর্যন্ত রোগী ভর্তি হয়েছে ৩৬৪ জন। এর মধ্যে ২০৭ জন অর্থাৎ ৫৭ দশমিক ১৪ শতাংশ রোগী সুস্থ হয়েছেন। গতকাল পর্যন্ত মারা গেছেন ৩৯ জন। অর্থাৎ শতকরা ১০ দশমিক ৭১ ভাগ রোগী মারা গেছেন। শনিবার হাসপাতালে ভর্তি ছিলেন ১১৭ জন। তিনি আরও জানান, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ৩৬৪ জন রোগীর মধ্যে ১ থেকে ১৮ জুলাই পর্যন্ত ১৮ দিনে ভর্তি হয়েছেন ২২৯ জন।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যক্ষ মানস কুমার মণ্ডল জানান, প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে। হাসপাতালের আটটি আইসিইউ শয্যা রয়েছে। এর মধ্যে চারটি নষ্ট। এ ছাড়া সেন্ট্রাল অক্সিজেন সিস্টেমে যে পরিমাণ অক্সিজেন সরবরাহ করা হচ্ছে তার চেয়ে আরও তিন গুণ প্রয়োজন। নানা ধরনের সীমাবদ্ধতার মধ্যে তাঁরা চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক রফিকুল ইসলাম জানান, রোগীর চাপ বাড়ছে। হাসপাতালে করোনা রোগীর জন্য ১৫০টি শয্যা রয়েছে। এর মধ্যে আটটি আইসিইউ, ৪২টি পজিটিভ রোগীর জন্য ও ১০০টি করোনা উপসর্গ রোগীর জন্য। ১ জুলাই থেকে রোগী যেভাবে বাড়ছে তাতে শয্যা সংখ্যার পাশাপাশি চিকিৎসক, নার্স ও কর্মচারী না বাড়লে চিকিৎসা দিতে সমস্যায় পড়তে হবে।