সাতক্ষীরায় হাসপাতালের আইসোলেশনে দুজনের মৃত্যু

করোনা সন্দেহে ভর্তি হওয়া সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে দুজনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে ও রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।
মারা যাওয়া দুজনের মধ্যে একজনের বয়স ৭০ বছর। তিনি সাতক্ষীরা সদর উপজেলার বাসিন্দা। অন্যজনের বয়স ৭৫ বছর। তাঁর বাড়ি দেবহাটা উপজেলার শ্রীপুর এলাকায়।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ মানস মণ্ডল জানান, ৭০ বছরের ওই ব্যক্তিকে ১৪ জুন হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর ফুসফুসজনিত সমস্যা ছিল। তাঁকে আইসোলেশন ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। অন্যদিকে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ৮ জুন অপর ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। তাঁর কিডনিজনিত সমস্যা ও ডায়াবেটিস ছিল। তাঁকেও আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তিনি রোববার রাতে মারা যান।
হাসপাতালটির তত্ত্বাবধায়ক রফিকুল ইসলাম বলেন, মারা যাওয়া দুই ব্যক্তির নমুনা সংগ্রহ করে খুলনায় পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে তাঁদের লাশ দাফন করা হবে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, সাতক্ষীরা জেলায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া জেলায় সোমবার পর্যন্ত মোট ৭৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।