সাতক্ষীরায় হাসপাতালের সেবায় সন্তুষ্ট করোনা রোগীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরা সদর হাসপাতালের করোনা রোগীদের সঙ্গে কথা বলছেন চিকিৎসক ও নার্সরা। আজ সকালে।
ছবি: প্রথম আলো

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড, নন-কোভিড সব ধরনের রোগীদের চিকিৎসা দেওয়া হয়। এর সঙ্গে যোগ হয়েছে সাতক্ষীরা সদর হাসপাতাল। ৪০ শয্যার করোনা ইউনিট খুলে এখানে চিকিৎসা দেওয়া শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় করোনা ইউনিটে গিয়ে দেখা যায়, ৪০ শয্যার ইউনিটে ৩৮ জন ভর্তি। বারান্দায় চিকিৎসা নিচ্ছেন শাহিদুল ইসলাম (৬০)। বাড়ি কলারোয়া উপজেলার মুরারিকাটি এলাকায়। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় অক্সিজেন নিতে হচ্ছে। সঙ্গে রয়েছেন ছেলে হাফিজুর রহমান। তিনি জানান, বুধবার তাঁরা এখানে ভর্তি হয়েছেন। চিকিৎসক ও নার্স বারবার খোঁজ নিচ্ছেন। হাসপাতাল থেকে কিছু ওষুধ দেওয়া হয়েছে। বাইরে থেকেও কিছু কিনতে হয়েছে। পরিবেশ ও চিকিৎসা ভালো।

একই ইউনিটে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল শাহিনার (৩৭)। বাড়ি কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামে। অক্সিজেন চলছে। গালে হাত দিয়ে বসে আছেন তাঁর বাবা দাউদ আলী। মঙ্গলবার ভর্তি হয়েছেন জানিয়ে তিনি বলেন, চিকিৎসকেরা চেষ্টা করছেন, কিন্তু মেয়ের অবস্থার উন্নতি হচ্ছে না। অন্য কোথাও যাবেন, তেমন সংগতি নেই।

রোগীদের সঙ্গে কথা বলতে দুই চিকিৎসকসহ সেখানে আসেন আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফায়সাল আহমেদ। এক এক করে রোগীর গায়ে হাত দিয়ে দেখতে শুরু করলেন ফায়সাল আহমেদ। সমস্যার কথা শুনছেন। কিছুক্ষণ পরে আসেন মেডিসিন বিশেষজ্ঞ আসাদুজ্জামান। তিনিও রোগীদের পাশে গিয়ে সমস্যার কথা শুনছিলেন।
ফায়সাল আহমেদ জানালেন, সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম থাকলেও সেটি চালু হতে এখনো দুই সপ্তাহ লাগবে। তবে বড় সিলিন্ডার দিয়ে অক্সিজেন সরবরাহের কাজ চালানো হচ্ছে। বর্তমানে ২৮টি বড় ও ৭৪টি ছোট অক্সিজেন সিলিন্ডার রয়েছে। হাই ফ্লো নাজাল ক্যানুলা হাসপাতালে ১৪টি ছিল, সব কটি মেডিকেল কলেজ হাসপাতালে দেওয়া হয়েছে। চিকিৎসক ও নার্সের সংকট না থাকলেও করোনা রোগীদের সেবা দেওয়ার মতো চিকিৎসক ও নার্স কম। তিনি বলেন, হাই ফ্লো নাজাল ক্যানুলা, ভালো শয্যা, এসি ও মনিটর জরুরি ভিত্তিতে দরকার।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক কুদরত-ই-খোদা জানান, ৫০০ শয্যার হাসপাতাল হলেও চালু রয়েছে ২৫০ শয্যা। বর্তমানে করোনা পরিস্থিতি মোকাবিলা করতে হিমশিম খেতে হচ্ছে। চিকিৎসক ও নার্সের সংকটের মধ্যেও সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

সাতক্ষীরা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান আরিফ আহমেদ জানান, চিকিৎসক ও নার্সরা সাধ্যমতো চেষ্টা করছেন। কিন্তু করোনা রোগী বাড়ছে। শুধু শয্যা বাড়লে চলবে না। প্রয়োজনীয় উপকরণ না বাড়লে সেবার মান কমে যাবে।