সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৩১.১৮ শতাংশ
সাতক্ষীরা জেলায় ২৪ ঘণ্টায় ৯৩ জনের নমুনা পরীক্ষায় ২৯ জনের করোনা সংক্রমিত হয়েছে। সে হিসাবে করোনা সংক্রমণের হার ৩১ দশমিক ১৮ শতাংশ। আজ বুধবার জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা যায়।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ঈদের আগের সপ্তাহে সাতক্ষীরায় করোনা সংক্রমণের হার ছিল ১৩ শতাংশ। ঈদের পর তা বাড়তে শুরু করে। মে মাসের শেষ সপ্তাহে সংক্রমণের হার দাঁড়িয়েছিল ৪১ শতাংশ।
জেলা সিভিল সার্জন হুসাইন সাফায়াত বলেন, এখন পর্যন্ত সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ২১৯ জন এবং করোনা পজিটিভ শনাক্ত হয়ে মারা গেছেন ৪৭ জন।
সাতক্ষীরা সদর হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফায়সাল হোসেন বলেন, বর্তমানে হাসপাতালে ২৭ জন করোনা রোগী চিকিৎসাধীন। এখানে করোনা রোগীর জন্য ৪০টি শয্যা আছে। তা বাড়িয়ে ৫০ শয্যায় করা হচ্ছে। সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম থাকলেও তা চালু করতে দুই সপ্তাহ লাগবে। বর্তমানে বড় সিলিন্ডারের মাধ্যমে রোগীদের অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। চিকিৎসক ও নার্সসংকটের মধ্যেও তাঁরা চিকিৎসা অব্যাহত রেখেছেন।
ভারত থেকে অবৈধ প্রবেশের অভিযোগে আটক ১০
গতকাল মঙ্গলবার সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে আসায় ১০ বাংলাদেশিকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তাঁরা হলেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার বাটরা গ্রামের মো. মোমিন (২৫), ভাদিয়ালি গ্রামের মো. আতিকুল (৪২), দেবহাটা উপজেলার কুলিয়া গ্রামের মো. শাহাজাহান বিশ্বাস (৩৭), তাঁর স্ত্রী আরিফা খাতুন (২২), সাতক্ষীরা সদর উপজেলার আখড়াখোলা গ্রামের আবির আলী (১৬), মো. আসিফ (১৪), কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং গ্রামের মো. রফিক (৪১), নড়াইলের কালিয়া উপজেলার পেরুলি গ্রামের মো. মাহবুব শেখ (২৫), জামিলডাঙ্গা গ্রামের কুরছিনা বেগম (৩২) ও যশোর সদরের ছাবরা রায়পাড়া গ্রামের মরিয়ম বেগম (৩৫)।
সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল মাহমুদ বলেন, বিজিবি সদস্যরা কয়েক সপ্তাহ ধরে সীমান্তে টহল জোরদার করেছেন। গতকাল টহল দল সাতক্ষীরা সীমান্তের বিভিন্ন স্থান দিয়ে অবৈধভাবে আসা ১০ বাংলাদেশি আটক করেছে। তাঁদের কালীগঞ্জ উপজেলার নলতা আহছানিয়া মিশনের বিশ্রামাগারে ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।