সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় করোনার উপসর্গে পাঁচজনের মৃত্যু
করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৬১১। তাঁদের মধ্যে উপসর্গ নিয়ে মারা গেছেন ৫২৭ জন এবং করোনায় মারা গেছেন ৮৪ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মাসের ২৮ দিনে উপসর্গ নিয়ে মারা গেছেন ১৭৮ জন এবং করোনায় ১০ জন। জেলার পিসিআর ল্যাবের মেশিন দূষিত থাকায় নমুনা পরীক্ষা রোববার থেকে বন্ধ আছে।
সাতক্ষীরার সিভিল সার্জন হুসাইন সাফায়াত জানান, জেলায় করোনার উপসর্গ নিতে মৃত্যু কমানো যাচ্ছে না। মানুষ ইচ্ছেমতো ঘরের বাইরে যাচ্ছেন। শারীরিক দূরত্ব মানা হচ্ছে না। ফলে বিধিনিষেধের সুফল তেমন পাওয়া যাচ্ছে না।
হুসাইন সাফায়াত জানান, জুন মাসে জেলায় করোনার উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ছিল ১২২ এবং আর করোনায় ২৮ জন।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের দায়িত্বে থাকা চিকিৎসক অভিজিৎ গুহ জানান, রোববার থেকে পিসিআর ল্যাবের মেশিন দূষিত হয়ে পড়েছে। মেশিন দূষণমুক্ত করার চেষ্টা চলছে। তিনি আশা করছেন আগামী তিন–চার দিনের মধ্যে আবার নমুনা পরীক্ষা শুরু করা যাবে।