সাতছড়িতে আবারও বিপুল গুলি উদ্ধারের দাবি র্যাবের
হবিগঞ্জের সাতছড়ি জাতীয় প্রাকৃতিক উদ্যান থেকে গতকাল শুক্রবার আবারও বিপুল পরিমাণ গুলি উদ্ধারের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব জানিয়েছে, এ অভিযান চলবে।
গতকাল বেলা একটার দিকে র্যাব-৯-এর সিলেট বিভাগীয় অধিনায়ক রিয়াদ রায়হান রাব্বানী গণমাধ্যমকর্মীদের জানান, অস্ত্র উদ্ধারে গত বুধবার থেকে সাতছড়িতে তাঁদের বিশেষ অভিযান চলছে। গতকাল উদ্যানের গহিনে দুটি গর্ত খুঁড়ে নয় হাজার ৪৫৪টি গুলি উদ্ধার করেছেন। পাশাপাশি ৮০টি ম্যাগাজিন, পাঁচটি ওয়্যারলেস সেট ও গুলি রাখার ১১টি বক্স উদ্ধার করে র্যাব। উদ্ধার করা গুলির মধ্যে ৭ দশমিক ৬২ এমএমের গুলি আট হাজার ৩৬০টি, ৭ দশমিক ৬২ থ্রি নট থ্রি রাইফেলের ১৫২টি, নাইন এমএ পিস্তলের ৫১৭টি এবং ১২ দশমিক এএস ট্যাংকের ৪২৫টি।
গতকাল র্যা বের এ অভিযান চলাকালে চুনারুঘাট থানার একদল পুলিশ সদস্য ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সাতছড়ি ক্যাম্পের সদস্যদের উদ্যানের একটি বটগাছের নিচে অবস্থান করতে দেখা যায়। খবর পেয়ে গণমাধ্যমকর্মীরাও সেখানে উপস্থিত হন।
বেলা একটার দিকে র্যাব-৯-এর সিলেট বিভাগীয় অধিনায়ক ঘটনাস্থলে যান। তিনি উপস্থিত গণমাধ্যমকর্মীদের জানান, উদ্যানের ভেতরে পাহাড়ে দুটি গর্ত খুঁড়ে প্লাস্টিকে মোড়ানো ওই অস্ত্র পাওয়া যায়।
এর আগে উদ্যানটিতে ৩ জুন, ২ সেপ্টেম্বর, ১৭ সেপ্টেম্বর ও গত বৃহস্পতিবার অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের দাবি করেছিল র্যাব।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী গতকাল সন্ধ্যা ছয়টার দিকে প্রথম আলোকে জানান, এ ঘটনায় র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একজন কর্মকর্তা বাদী হয়ে মামলা করেছেন। পাঁচ দফায় র্যা বের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনায় এ নিয়ে ছয়টি মামলা হয়েছে।