সাতছড়ি জাতীয় উদ্যানের পাশ থেকে ৯টি বন্দুক ও ৩টি বিদেশি পিস্তল উদ্ধার
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ৯টি একনলা বন্দুক, ৩টি বিদেশি পিস্তল ও ১৯টি গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার রাতে উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের পাশ থেকে এসব উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন বিজিবির ৫৫ হবিগঞ্জ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এন এম সামীউন্নবী চৌধুরী।
বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতর সন্ত্রাসীরা অস্ত্র ও গোলাবারুদ মজুত করে রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে ১ আগস্ট থেকে সাতছড়ি জাতীয় উদ্যান সার্বক্ষণিক নজরে রাখা হচ্ছিল। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে উদ্যানসংলগ্ন ১৯৭৯ সীমান্ত পিলারের কাছে পরিত্যক্ত অবস্থায় ৯টি একনলা বন্দুক, ৩টি বিদেশি পিস্তল ও ১৯টি গুলি উদ্ধার করা হয়। এ বিষয়ে চুনারুঘাট থানায় বিজিবির পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
সাতছড়ি ফরেস্টের রেঞ্জার মাহমুদ হোসেন বলেন, কয়েক দিন ধরে সাতছড়িতে বিজিবি আসা-যাওয়া করতে দেখা যায়। ধারণা করা হচ্ছিল, বিজিবি কোনো অভিযান পরিচালনা করছে। আজ শনিবার জানা গেল, বিজিবি অস্ত্র উদ্ধার করেছে। তবে বিজিপির পক্ষ থেকে তাঁদের কিছু জানানো হয়নি।