সাততলা ভবনের ছাদে বোমা তৈরি করতেন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁ থেকে বিস্ফোরকদ্রব্যসহ গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি। আজ র‍্যাব–৫–এর জয়পুরহাট কার্যালয়ে
ছবি: সংগৃহীত

নওগাঁর শহরের একটি ভবনের সপ্তম তলায় অভিযান চালিয়ে বিস্ফোরক দ্রব্যসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ মঙ্গলবার সকালে র‍্যাব-৫–এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গতকাল সোমবার রাত ১১টার দিকে শহরের পার–নওগাঁ ধোপাপাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঢাকার দক্ষিণ বাড্ডা এলাকার আবদুল ওয়াদুদের ছেলে ওসমান গনি ওরফে জিসান (৩৫) ও যশোরের অভয়নগর থানার নোয়াপাড়ার মনোরঞ্জন অধিকারীর ছেলে শংকর অধিকারী ওরফে মুকেশ (৪৮)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাত ১১টার দিকে পার–নওগাঁ ধোপাপাড়া এলাকায় মোবারক আলী নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায় র‍্যাব-৫–এর জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। এ সময় বিপুল পরিমাণ লাল ও সাদা রঙের রাসায়নিকযুক্ত পাউডার, মাটি, বোমাসদৃশ বস্তু ও ব্যাটারিসহ বোমা বানানোর বেশকিছু উপাদান পাওয়া যায়। এ সময় ঘটনাস্থল থেকে ওসমান ও শংকরকে আটক করা হয়।

র‍্যাবের জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর সানরিয়া চৌধুরী বলেন, এ ঘটনায় আটক দুই ব্যক্তির বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়েছে। তাঁদের আজ সকালে নওগাঁ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা ওই ভবনের ছাদে বোমা তৈরি করতেন। ধারণা করা হচ্ছে, গ্রেপ্তার ব্যক্তিরা কোনো জঙ্গি সংগঠনের সদস্য হতে পারে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, গ্রেপ্তার দুই ব্যক্তিকে আজ বিকেলে আদালতে নেওয়া হবে। তাঁদের কাছ থেকে তথ্য উদ্ধারের জন্য রিমান্ড আবেদন করা হবে।