সাদুল্যাপুরে নিখোঁজদের দুজন ফিরেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজ হওয়ার ১০ দিন পর আজ বৃহস্পতিবার ভোরে বাড়ি ফিরেছেন গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা যুবলীগের সহসভাপতি মনোয়ারুল হাসান ও একই উপজেলার দামোদরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাদেকুল ইসলাম। তবে একই এলাকা থেকে নিখোঁজ হওয়া আওয়ামী লীগ ও যুবদলের অপর দুই নেতার এখনো সন্ধান পাওয়া যায়নি।

বাড়ি ফিরে আজ সকালে উপজেলা যুবলীগের সহসভাপতি মনোয়ারুল হাসান বলেন, সাদাপোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে কয়েকজন তাঁদের তুলে নিয়ে যায়। তুলে নিয়ে যাওয়ার পর থেকে তাঁদের দুজনকে একটি ঘরে রাখা হয়। খাওয়াদাওয়া দেওয়া হয়। তিনি বলেন, ‘কোন স্থানে ছিলাম, কারা তুলে নিয়ে গেছে, তা বুঝতে পারিনি। বুধবার রাত পৌনে ১২টার দিকে আমাদের দুজনকে একটি মাইক্রোবাস থেকে একটি মহাসড়কের পাশে নামিয়ে দিয়ে বলা হয়, পেছনের দিকে তাকাবি না, তাকালে সমস্যা হবে। ওইখানে তোদের মোটরসাইকেল আছে, সোজা বাড়ি চলে যাবি। পরে মোটরসাইকেলে যাত্রা শুরু করি। কিছু দূর এসে আমরা নীলফামারী জেলার সৈয়দপুর শহরে পৌঁছাই। সেখান থেকে আমরা দুজনে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা হই। আজ ভোরে সাদুল্যাপুরে পৌঁছাই। তবে কারা নামিয়ে দিয়েছে, সেটা বলতে পারব না।’

ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাদেকুল ইসলাম বলেন, ‘আপনারা কারা, কেন আমাদের তুলে নিয়ে এসেছেন—আমরা এমন প্রশ্ন করেছিলাম, কিন্তু তাঁরা কোনো উত্তর দেননি।’

৯ জানুয়ারি রাত ১১টার দিকে মনোয়ারুল হাসান ও সাদেকুল ইসলাম মোটরসাইকেলে করে সাদুল্যাপুর থেকে নলডাঙ্গা যাওয়ার পথে সাদাপোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে কয়েকজন তাঁদের তুলে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে। এ নিয়ে সাদুল্যাপুর থানায় সাধারণ ডায়েরি করে নিখোঁজ হওয়া দুই পরিবার। ১০ জানুয়ারি সাদাপোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে সাদুল্যাপুরের নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাইদুল ইসলাম ও ইউনিয়ন যুবদলের সহসাধারণ সম্পাদক শফিউল ইসলামকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ ওঠে। তাঁদের কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ হওয়ার পর এই চারজনকে খুঁজে বের করার দাবিতে এলাকায় সভা-সমাবেশ, মানববন্ধন ও হরতাল-অবরোধ কর্মসূচি পালিত হয়।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস আজ দুপুরে মুঠোফোনে বলেন, ওই দুজন কীভাবে ফিরে এসেছেন, সে বিষয়ে কিছু জানি না। তবে অপর দুজনের বিষয়ে তদন্ত চলছে।