সাধনার লড়াই থেমে যায় সড়ক দুর্ঘটনায়

নমুনা সংগ্রহ করতে গিয়ে নিজেও করোনায় আক্রান্ত হন। সুস্থ হয়ে আবারও কাজে ফেরেন। ৬ জুলাই দুর্ঘটনায় মৃত্যু হয় সাধনার।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাধনা মিত্র

দায়িত্বটা বুঝে নিলেন। করোনাভাইরাসের সন্দেহভাজন রোগীদের নমুনা সংগ্রহের কাজ করতে হবে তাঁকে। এ কাজে ভয় আছে, আছে শঙ্কা। প্রতিদিন মানুষের মৃত্যুর খবরে অজানা আতঙ্ক চেপে বসে মনে। কিন্তু তিনি ভয় পেলেন না। করোনাভাইরাসের সন্দেহভাজন রোগীদের নমুনা সংগ্রহের কাজে নেমে পড়লেন সাধনা মিত্র (৫০)।

সাধনা ছিলেন যশোরের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই)। নমুনা সংগ্রহের একপর্যায়ে নিজেই করোনায় সংক্রমিত হন। সুস্থ হয়ে আবার ফিরে আসেন নমুনা সংগ্রহের কাজে। সাধনা মিত্রের সাহসিকতা আর দায়িত্ববোধের গল্পটা হয়তো আরও অনেক দূর যেতে পারত। কিন্তু তুমুল কর্মমুখরতার মধ্যে গত ৬ জুলাই সড়ক দুর্ঘটনায় থেমে যেতে হয় সাধনাকে। একটি জরুরি কাজে স্বাস্থ্য সহকারী জাহিদুল ইসলামের মোটরসাইকেলে করে যশোর-চুকনগর আঞ্চলিক মহাসড়ক দিয়ে কেশবপুর যাচ্ছিলেন সাধনা। ছাতিয়ানতলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি মহাসড়কের ওপর পড়ে গুরুতর আহত হন। ৯ ঘণ্টা পর মৃত্যু হয় তাঁর।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, মনিরামপুরে করোনাভাইরাসের সন্দেহভাজন রোগীদের নমুনা সংগ্রহ শুরু হয় গত ২ এপ্রিল থেকে। প্রথম দিন থেকেই নমুনা সংগ্রহ করেন সাধনা মিত্র। তিনি প্রায় ১০০ জনের নমুনা সংগ্রহ করেছেন। নমুনা সংগ্রহের একপর্যায়ে তাঁর শ্বাসকষ্ট, জ্বর ও গলাব্যথা হয়। ২৭ এপ্রিল তিনি নিজের নমুনা সংগ্রহ করেন, সঙ্গে আরও ছয় স্বাস্থ্যকর্মীর। ২৯ এপ্রিল নমুনা পরীক্ষার ফল আসে। তাতে তিনিসহ চারজনই করোনা পজিটিভ। এরপর তিনি বাসায় আইসোলেশনে চলে যান। দুবার নমুনা পরীক্ষার ফল নেগেটিভ আসার পর গত ১৪ মে সুস্থতার ছাড়পত্র পান। এরপর আবার কাজে নেমে পড়েন। এভাবে করোনাভাইরাসের আতঙ্কের মধ্যেও মানুষের একেবারে কাছে গিয়ে সেবা দিয়ে গেছেন সাধনা মিত্র।

গত ১ জুন প্রথম আলোয় ‘করোনাজয়ী সাধনা আবার নমুনা সংগ্রহের কাজে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সে সময় তিনি বলেছিলেন, ‘ঝুঁকি নিয়ে কাজ করছি। এ কাজে মৃত্যুভয়ও আছে। কিন্তু এর মধ্যে মানুষের সেবা করার সুযোগও আছে। যত দিন করোনাভাইরাস থাকবে, তত দিন আমি এই সেবা দিয়ে যাব। এতে যদি আমার মৃত্যুও হয়, তাতেও আমার কোনো দুঃখ নেই।’

সাধনা জানিয়েছিলেন, প্রথম থেকেই আরেকজন মেডিকেল টেকনোলজিস্টের (ল্যাব) সঙ্গে তাঁর নমুনা সংগ্রহের কথা ছিল। কিন্তু ঝুঁকির কারণে তিনি দায়িত্ব পালন করতে অপারগতা প্রকাশ করেন। অন্যরাও ভয়ে এ দায়িত্ব নিতে চাননি। তখন সাধনার ভাবনায় আসে, দায়িত্ব পালনের মাধ্যমে মানুষের সেবা করার সুযোগ তাঁর সামনে। তিনি একাই নমুনা সংগ্রহের কাজ করবেন। সপ্তাহে ছয় দিন নমুনা সংগ্রহ করতে হতো তাঁকে। কখনো বাড়ি বাড়ি গিয়ে, আবার কখনো স্বাস্থ্য কমপ্লেক্সে। সঙ্গে এক দিন একজন করে চিকিৎসক থাকতেন।

সাধনা মিত্রের বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা গ্রামে। তাঁর স্বামী স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। চাকরির সুবাদে তিনি যশোরের মনিরামপুর উপজেলায় ভাড়া বাসায় থাকতেন। দুই মেয়ে ও এক ছেলে নিয়ে তাঁর সংসার। বড় মেয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে স্নাতকোত্তর। তাঁর বিয়ে হয়েছে। ছোট মেয়ে চট্টগ্রামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে পড়ছেন। ছেলে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শুভ্রা রানী দেবনাথ বলেন, সাধনা মিত্র মানুষের সেবায় কাজ করে গেছেন। ঝুঁকি নিয়ে একের পর এক উপজেলার সন্দেহভাজন করোনা রোগীদের নমুনা সংগ্রহ করেছেন। একাই প্রায় ১০০ জনের নমুনা সংগ্রহ করেন। সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যুতে অনেক বড় ক্ষতি হয়ে গেছে।