সানজিদের ১৫০০ কেজির ‘বিশাল’কে তোলা হবে কোরবানির হাটে
সাড়ে তিন বছর ধরে যত্নে লালন-পালন করে বড় করা হয়েছে। আদর করে নাম রাখা হয়েছে ‘বিশাল’। ফ্রিজিয়ান জাতের এ ষাঁড়ের ওজন হয়েছে ১ হাজার ৫০০ কেজি।
মালিক কিশোরগঞ্জ শহরতলির বয়লা তারাপাশা এলাকার তরুণ খামারি মাহমুদ সানজিদ (১৯)। ষাঁড়টিকে এবারের কোরবানির পশুর হাটে তোলা হবে। দাম হাঁকা হবে ১৫ লাখ টাকা।
মাহমুদ সানজিদ এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেবেন। তিনি প্রথম আলোকে বলেন, প্রতিদিন উৎসুক মানুষ বিশালকে দেখতে তার বাড়িতে আসছে। ক্রেতা এলে গোয়ালঘর থেকে ষাঁড়টি বের করতে বেশ কষ্টই হয় তাঁর।
অল্প বয়সেই খামারি হিসেবে প্রশংসিত হয়েছেন সানজিদ। এ বছর জেলা প্রাণিসম্পদ কার্যালয়ে অনুষ্ঠিত প্রাণিসম্পদ প্রদর্শনীতে সদর উপজেলা থেকে সেরা ষাঁড় হয়েছে বিশাল।
গরু লালন-পালন তাঁর শখ জানিয়ে মাহমুদ সানজিদ বলেন, কয়েক বছর আগে তাঁর বাবা মারা যান। এরপর একমাত্র ছেলে হিসেবে তিনি ষাঁড়টির দেখভাল শুরু করেন। সাড়ে তিন বছর ধরে এটিকে ঘাস, খইল, ভুসি খাইয়ে স্বাস্থ্যসম্মত উপায়ে লালন-পালন করে বড় করে তুলেছেন।
সানজিদের খামারের নাম সানজিদ অ্যাগ্রো ফার্ম। খামারে বিশাল ছাড়াও দুই লাখ থেকে সাত লাখ টাকার আরও ২০টি গরু রয়েছে। তাঁর আশা, এবারের কোরবানির পশুর হাটে তাঁর ষাঁড়টি ক্রেতাদের আকর্ষণ করবে। তিনি এটার দাম হাঁকছেন ১৫ লাখ টাকা।
কিশোরগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘সানজিদের ষাঁড়টি এবার উপজেলা প্রাণিসম্পদ প্রদর্শনীতে প্রথম হয়। ষাঁড়টি বেশ আকর্ষণীয়। সানজিদের বয়স কম হওয়ার পরও এটি লালন-পালন করে বড় করেছেন। আমরা আশা করছি ষাঁড়টি এবারের কোরবানির পশুর হাটে বিক্রি করে ন্যায্যমূল্য পাবেন তিনি।’