সান্তাহার জংশন স্টেশন থেকে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের প্ল্যাটফর্ম থেকে উদ্ধার হওয়া কষ্টিপাথরের মূর্তি
প্রথম আলো

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের প্ল্যাটফর্মে ১টি বেদীর ওপর জোড়া লাগানো ১০টি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে রেলওয়ে থানা-পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মের মসজিদের পাশে একটি মালিকবিহীন ব্যাগ থেকে এটি উদ্ধার করা হয়।

বেদীসহ মূর্তিগুলোর ওজন ৮ কেজি ৬০০ গ্রাম। পুলিশের দাবি, উদ্ধার হওয়া মূর্তিটি কষ্টিপাথরের এবং এটির আনুমানিক মূল্য প্রায় ১০ কোটি টাকা।

জেলা প্রত্নতত্ত্ব বিভাগের সঙ্গে যোগাযোগের পর মূর্তির মূল্যের বিষয়টি নিশ্চিত হয়েছে পুলিশ।

সান্তাহার রেলওয়ে থানা-পুলিশ সূত্রে জানা গেছে, আজ বেলা দেড়টার দিকে স্টেশনে দায়িত্বরত পুলিশের একটি টহল দল মসজিদের পাশে একটি মালিকবিহীন ব্যাগ দেখতে পায়। পরে ব্যাগটি খুলে জোড়া লাগানো মূর্তিগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে এটি ওজন করা হয়।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকিউল আযম বলেন, জেলা প্রত্নতত্ত্ব বিভাগের সঙ্গে যোগাযোগের পর মূর্তির মূল্যের বিষয়টি নিশ্চিত হয়েছেন। মূর্তি উদ্ধারের পর এটি থানায় রাখা হয়েছে। তবে মূর্তির কোনো মালিক পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।