সান্তাহার থেকে উদ্ধার হওয়া ৪১৬ বস্তা চোরাই সার নিলামে বিক্রি
বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের অভিযানে উদ্ধার হওয়া ৪১৬ বস্তা চোরাই সার নিলামে বিক্রি করা হয়েছে। আদালতের নির্দেশে আজ সোমবার দুপুরে আদমদীঘি থানা চত্বরে এ নিলাম কার্যক্রম সম্পন্ন হয়।
নিলাম কমিটির সভাপতি ও আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্রাবনী রায়ের সভাপতিত্বে নিলাম কার্যক্রম পরিচালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার শহরসংলগ্ন সান্দিড়া গ্রামের ব্যাপারীপাড়ায় মেসার্স জুঁই ট্রেডার্স নামের একটি অবৈধ সারের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা হক ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দিপ্তী রানী রায়। তখন ব্যবসার নিবন্ধন এবং ইউরিয়া, ডিএপি ও এমওপি সারপ্রাপ্তির বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয় ব্যবসায়ী সুমন ইসলাম। এ জন্য ভ্রাম্যমাণ আদালত তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন।
উপজেলা প্রশাসন সূত্রে আরও জানা যায়, অজ্ঞাত কারণে সুমনের দোকানে থাকা চার শতাধিক অবৈধ সারের বস্তা জব্দ না করে বিক্রির অনুমতি দেওয়া হয়। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। পরের দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবনী রায় ও কৃষি কর্মকর্তা পুনরায় ওই দোকানে অভিযান চালান। সে সময় ওই ব্যবসায়ীর পাচার করা সব সার পুনরায় উদ্ধার করে প্রশাসন। এ ঘটনায় উপজেলা কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী থানায় একটি মামলা করেন।