সান্তাহার শহরে শনিবার রাত থেকে ৭ দিনের লকডাউন
বগুড়ার আদমদীঘি উপজেলার ব্যস্ততম সান্তাহার পৌর শহরে আগামীকাল শনিবার দিবাগত রাত ১২টা এক মিনিট (২৭ জুন) থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী সাত দিন এই লকডাউন চলবে। আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সীমা শারমিন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আজ শুক্রবার বিকেলে বগুড়া জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত ভার্চ্যুয়াল সভা থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন, বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক, আদমদীঘির ইউএনও সীমা শারমিন, সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন, আদমদীঘি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মমিনূল হক, আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন প্রমুখ অংশ নেন।
ইউএনও সীমা শারমিন প্রথম আলোকে জানান, রাজশাহী বিভাগে বিশেষ করে নওগাঁয় করোনা ব্যাপক হারে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ছে। নওগাঁর নিকটবর্তী শহর হওয়ায় সান্তাহারে করোনার বিস্তার রোধে জেলা প্রশাসন এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
লকডাউন মেনে চলার জন্য সবার সহযোগিতা কামনা করে ইউএনও বলেন, লকডাউন চলাকালে জরুরি পরিষেবা ছাড়া শহর এলাকায় সব যান চলাচল ও দোকানপাট বন্ধ থাকবে।