সান্তাহারে বস্তাবন্দী আহত যুবক উদ্ধার
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন শহরের রেললাইনের পাশ থেকে বস্তাবন্দী অবস্থায় এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে লোকো কলোনি এলাকা থেকে উদ্ধারের পর তাঁকে নওগাঁ সদর হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়।
উদ্ধার যুবকের নাম সিরাজুল ইসলাম ওরফে সুমন (৩১)। তিনি নীলফামারীর সদর উপজেলার ঝোঁপাকুড়ি গ্রামের বাবুল হোসেনের ছেলে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম জানান, রোববার সকালে শহরের লোকো কলোনী এলাকায় রেললাইনের পাশে বস্তাবন্দী অবস্থায় এক ব্যক্তিকে দেখতে পেয়ে পুলিশের কাছে খবর পাঠান এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তার ভেতর থেকে সিরাজুলকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করে। পরে চিকিৎসার জন্য তাঁকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ জানায়, সিরাজুল কয়েক বছর আগে নওগাঁর কীর্ত্তিপুরে বিয়ে করেন। স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় ছয় মাস আগে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর তাঁর স্ত্রীর অন্যত্র বিয়ে হলেও সিরাজুলের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। গত ২৮ মে সিরাজুল বাড়ি থেকে বেরিয়ে আসেন। তারপর থেকে পরিবারের লোকজন তাঁর সন্ধান করছিলেন। এ অবস্থায় রোববার তাঁকে পুলিশ বস্তাবন্দী অবস্থায় উদ্ধার করে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম জানান, তাঁর বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা চলছে। তাঁকে দুর্বৃত্তরা ব্যাপক মারধর করেছে।