১০ বছরে তাঁর প্রধান ব্যর্থতা হচ্ছে গত পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারা। আর বড় সাফল্য হচ্ছে স্থানীয় সাংসদের হুমকির মুখেও পয়োবর্জ্য ব্যবস্থাপনার পরীক্ষামূলক প্ল্যান্ট স্থাপন করে সাফল্য পাওয়া।
দীর্ঘ ১০ বছর মেয়র থাকার পর নিজের সাফল্য ও ব্যর্থতা প্রসঙ্গে মঙ্গলবার রাতে পৌরসভার মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ফরিদপুর পৌরসভার বিদায়ী মেয়র শেখ মাহাতাব আলী।
সদ্য সমাপ্ত পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারাকে জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা বলে মন্তব্য করেছেন মাহাতাব আলী। তিনি বলেছেন, ‘পৌর নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারিনি এবং মেয়রের দায়িত্ব পালনের সময় অনেক কাজ শুরু করার পরও সমাপ্ত করে যেতে পারিনি, এটিই আমার মেয়র–জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা।’
প্রসঙ্গত, গত ১০ ডিসেম্বর অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন ১৮ জন। এর মধ্যে শহর আওয়ামী লীগের সহসভাপতি শেখ মাহাতাবও ছিলেন। কিন্তু জেলা আওয়ামী লীগ মাহাতাবের নাম বাদ দিয়ে বাকি ১৭ জনের নাম কেন্দ্রীয় আওয়ামী লীগে পাঠায়। এতে ক্ষুব্ধ হয়ে মাহাতাব স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। তিনি প্রতীক পান নারকেলগাছ। পরে জেলা আওয়ামী লীগের একাংশ ও এক সাংসদের চাপের মুখে মাহাতাব নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে আওয়ামী লীগ প্রার্থীকে সমর্থন দিতে বাধ্য হন।
ফরিদপুর পৌরসভার আদমপুরে ও সদরের ধুলদীতে পয়োবর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্টের কাজ চলছে। এ কাজটি কতটা লাগসই হবে, তা পরীক্ষা করতে শহরতলির বদরপুরে একটি পরীক্ষামূলক প্ল্যান্ট স্থাপন করা হয়। কিন্তু ফরিদপুর-৩ (সদর) আসনের সাংসদ খন্দকার মোশাররফ হোসেনের বিরোধিতায় পরীক্ষামূলক কাজ বদরপুরে করা যায়নি।
এ প্রসঙ্গে মাহাতাব আলী বলেন, একদিন সাংসদ তাঁকে ডেকে তিরস্কার করে বলেন, পয়োবর্জ্যের প্ল্যান্ট বদরপুরে হবে না। পারলে তুমি তোমার বাড়িতে নিয়ে করো। সাংসদের কথামতো পরে তিনি সেটি কমরপুরে তাঁর (মাহাতাব) মালিকাধীন জমিতে সরিয়ে নেন।
শেখ মাহাতাব বলেন, ‘পরীক্ষামূলক ওই কাজে সফলতা পেয়ে পরবর্তী সময়ে ফরিদপুর পৌরবাসীর পয়োবর্জ্য ব্যবস্থাপনার জন্য আধুনিক দুটি প্ল্যান্ট করা সম্ভব হয়েছে। আমি মনে করি, গত ১০ বছরে মেয়র থাকার সময় এটিই আমার বড় সাফল্য।’
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, তিনি তাঁর সময়ে প্রায় ২৭০ কোটি টাকার উন্নয়নকাজ করেছেন। যার মধ্যে ১৯০ কিলোমিটার পাকা রাস্তা নির্মাণ, ৭০ কিলোমিটার পাকা ড্রেন নির্মাণ, ৯০ কিলোমিটার পাইপলাইন স্থাপন, ৯ হাজার ৮৩৮টি সড়কবাতি স্থাপন, ৩৫৮টি সোলার লাইটের মাধ্যমে সড়কবাতি ব্যবস্থাপনার উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনার জমি অধিগ্রহণ, পয়োবর্জ্য প্ল্যান্ট নির্মাণ, পৌর ভবন নির্মাণ, নতুন বাস টার্মিনাল নির্মাণ, দুটি পানির প্ল্যান্ট স্থাপনসহ নানা উন্নয়নকাজ রয়েছে।
১৯৮৯ সালে ওয়ার্ড কমিশনার হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রথমে প্যানেল মেয়র ও পরে ২০১১ সালে প্রথমবারের মতো মেয়র হন মাহাতাব আলী।
সংবাদ সম্মেলনে ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী মো. শাহজাহান, নির্বাহী প্রকৌশলী মো. সামসুল আলম, পৌর কাউন্সিলর মো. নাসিরুদ্দিন ও আবদুল মান্নান, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমানসহ প্রিন্ট ও টিভি মিডিয়ার স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
গত ১০ ডিসেম্বরের নির্বাচনে মেয়র নির্বাচিত হন সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক অমিতাভ বোস। মঙ্গলবার ঢাকায় নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথগ্রহণ সম্পন্ন হয়।
জানতে চাইলে সাংসদ খন্দকার মোশাররফ হোসেন বুধবার রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ফরিদপুর পৌরসভা সিটি করপোরেশন হতে যাচ্ছে। আর এর প্রাণকেন্দ্র হলো বদরপুর। তাই এখানে পয়োবর্জ্যের প্ল্যান্ট স্থাপনে আপত্তি জানিয়েছি। আমি মনে করি, এতে অন্যায় কিছু করিনি।’