সাফারি পার্কের প্রত্যাহার হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে এবার মামলা
গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ১১টি জেব্রার মৃত্যুর ঘটনায় প্রত্যাহার হওয়া ওই পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমানের বিরুদ্ধে এবার মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পার্কের বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম শ্রীপুর থানায় এ মামলা করেন।
মামলা সূত্রে জানা যায়, গত ২ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে মোট ১১টি জেব্রার মৃত্যু হয়। এ ঘটনা যথাসময়ে যথাযথ কর্তৃপক্ষকে জানাননি তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান। এমনকি এ ঘটনায় তিনি জরুরিভাবে চিকিৎসক বোর্ডের মিটিং ডাকেননি বা সংশ্লিষ্ট থানায় জিডি করেননি। মৃত ১১টি জেব্রার মধ্যে ৩টির পেটে আঘাতের চিহ্ন ছিল। এর কারণ হিসেবে তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমানের বক্তব্য গ্রহণযোগ্য হয়নি।
মামলার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, গতকাল রাত ১০টার দিকে মামলাটি হয়েছে। মামলার একমাত্র আসামি পার্কের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমান।
গত ২৬ জানুয়ারি সাফারি পার্কে প্রাণী মৃত্যুর ঘটনায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি সুষ্ঠু তদন্তের স্বার্থে একদফা সময় বাড়িয়ে ২০ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদন পর্যালোচনাবিষয়ক একটি সভা ২২ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত হয়েছিল। এর আগে জেব্রা মৃত্যুর ঘটনায় ৩১ জানুয়ারি সাফারি পার্কের তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছিল।
সাফারি পার্কে চলতি বছরের ২ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত মোট ১১টি জেব্রার মৃত্যু হয়েছে। এ ছাড়া ১২ জানুয়ারি টাইগার বেষ্টনীতে ১০টি বাঘের মধ্যে ১টির মৃত্যুর হয়। অন্যদিকে ৩ ফেব্রুয়ারি দুপুরে রোগাক্রান্ত হয়ে একটি সিংহীর মৃত্যু হয়। এর আগে বিভিন্ন সময়ে জিরাফ, জেব্রাসহ বেশ কিছু প্রাণীর মৃত্যু হয়েছে। সিআইডির প্রতিবেদনে একটি জেব্রার শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়। প্রাণী মৃত্যুর লাগাতার এসব ঘটনায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয় দেশজুড়ে। এসব ঘটনায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ক্রমান্বয়ে সাফারি পার্কের চার কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়।