সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাবেক উপমন্ত্রী ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আজ বুধবার বিকেলে লালমনিরহাট মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক শেখ আবু তাহের এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
আদালত সূত্রে জানা গেছে,২০১৩ সালের ২৭ অক্টোবর লালমনিরহাট শহরের কলেজ রোডে অবস্থিত যুবলীগের কর্মী আবদুল মোমিনের মালিকানাধীন মোমিন ডেকোরেটরে হামলা, ভাঙচুর, লুটপাট ও মোমিনকে মারধর করে আহত করার অভিযোগে পরদিন একটি মামলা হয়। আবদুল মোমিন নিজেই বাদী হয়ে ২৮ অক্টোবর লালমনিরহাট সদর থানায় মামলাটি করেন। এ মামলায় ৫২ জনকে আসামি করা হলেও হুকুমদাতা হিসেবে সাবেক উপমন্ত্রী এবং বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিবকে আসামি করা হয়।
এ মামলায় আসাদুল হাবিব উচ্চ আদালত থেকে জামিন নিলেও লালমনিরহাটের আদালতে জামিনের জন্য নিয়ম মাফিক হাজিরা দেননি। এ কারণে আদালত আজ তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এ ব্যাপারে মামলার বাদী যুবলীগের কর্মী আবদুল মোমিন বলেন, ‘আমি বিএনপি নেতা আসাদুল হাবিব দুলুকে ওই মামলায় হুকুমের আসামি করলেও পরে তাঁর নাম বাদ দিতে আদালতে এফিডেভিট করেছিলাম। তিনি উচ্চ আদালতের জামিন নিলেও লালমনিরহাট আদালতে হাজিরা না দেওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হয়েছে বলে শুনেছি। ’
আসাদুল হাবিব দুলুর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান বলেন, আদালত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বলেন, ‘আসাদুল হাবিব দুলু ওই মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন। বাদী তাঁর নাম মামলা থেকে বাদ দিতে এফিডেভিট করেছেন, তা সত্ত্বেও আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি আমরা অবহিত হয়েছি। ’