সাবেক উপমন্ত্রী দুলুসহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগে সাবেক উপমন্ত্রী ও বিএনপির নেতা আসাদুল হাবিব দুলুসহ ৩০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়েছে। দ্রুত বিচার আইনে এ মামলা করা হয়েছিল।

আসাদুল হাবিব বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক। বুধবার দুপুরে লালমনিরহাট দ্রুত বিচার আইন আদালতের বিচারক ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মণ্ডল দ্রুত বিচার আইনের পাঁচ ধারায় আসাদুল হাবিবের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। চলতি বছরের ১১ ডিসেম্বর এ মামলায় পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।
অভিযোগ গঠনের সময় আসাদুল হাবিবসহ অভিযুক্ত ২৮ জন আদালতে উপস্থিত ছিলেন। অপর দুজন পলাতক রয়েছেন।

২০১৩ সালের ২৭ অক্টোবর সকালে লালমনিরহাট শহরের থানা রোডের জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হয়। এ সময় কার্যালয়ে থাকা একটি টিভি, ১১৫টি প্লাস্টিকের চেয়ার, দলীয় কার্যালয়ের সাইনবোর্ড, চারটি কাঠের দরজা, একটি ঘড়ি এবং বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও জাতীয় চার নেতার বাঁধাই করা ছবি ভাঙচুর করা হয়।

এ ঘটনায় লালমনিরহাট পৌর আওয়ামী লীগের সহসভাপতি হাফেজ উদ্দিন (৫২) বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় একটি মামলা করেন। মামলায় বিএনপির নেতা আসাদুলসহ ৩১ জনকে আসামি করা হয়। লালমনিরহাট সদর থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন ২০১৩ সালের নভেম্বরে দ্রুত বিচার আইন আদালতে ৩৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এর মধ্যে তিনজন ইতিমধ্যে মারা গেছেন।
আসাদুল হাবিব বলেন, তাঁকে সামাজিক ও রাজনৈতিকভাবে হয়রানি করতে এই সাজানো মামলা করা হয়েছে।