বরখাস্ত এসআইসহ ৪ মাদক ব্যবসায়ী র‍্যাবের হাতে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ থেকে পুলিশের বরখাস্ত হওয়া এসআইসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ শহর থেকে চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পুলিশের বরখাস্ত হওয়া এক উপপরিদর্শকও (এসআই) রয়েছেন। তাঁদের কাছ থেকে ৭৬২ বোতল ফেনসিডিল, ১০ কেজি গাঁজা এবং মাদক বিক্রির ১ লাখ ৮৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার। আজ সোমবার রাত পৌনে আটটার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা হয়েছে।

আজ দুপুরে শহরের সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‍্যাব-১১ ব্যাটালিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা সাংবাদিকদের এসব তথ্য জানান।

গতকাল রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের নিতাইগঞ্জ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে মাদকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জ শহরের সৈয়দপুর এলাকার জাবেদ ব্যাপারী (৩৮), নওগাঁ জেলার সদরের দারিয়াপুর এলাকায় হেলাল উদ্দিন (৪৪), ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ বাসিন্দা এলাকার মো. সাইফুল (২২) এবং দিনাজপুর জেলার বোচাগঞ্জ রুইগা এলাকার দিলীপ চন্দ্র রায় (২২)। তাঁদের মধ্যে হেলাল উদ্দিন পুলিশের বরখাস্ত হওয়া এসআই বলে জানা গেছে। ২০১৯ সালের ২৩ জুন আট হাজার ইয়াবাসহ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানায় গ্রেপ্তার হওয়ার পর তাঁকে পুলিশ বাহিনী থেকে বরখাস্ত করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, প্রায় ডজনখানেক মামলার আসামি জাবেদ ব্যাপারী নারায়ণগঞ্জ জেলার অন্যতম শীর্ষ মাদক ডিলার।

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ থেকে গ্রেপ্তার চার মাদক ব্যবসায়ীর কাছ থেকে জব্দ ও নগদ টাকা।
ছবি: সংগৃহীত

র‍্যাব অধিনায়ক তানভীর মাহমুদ পাশা বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পর যোগসাজশে দিনাজপুর থেকে ফেনসিডিল ও গাঁজা পরিবহন করে নিয়ে এসে নারায়ণগঞ্জের মাদক ব্যবসায়ী জাবেদ ব্যাপারীর কাছে সরবরাহ করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গতকাল দিনাজপুর থেকে ফেনসিডিল ও গাঁজার একটি বড় চালান নিয়ে এলে র‍্যাব-১১-এর একটি দল তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা এসব কথা স্বীকার করেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন র‍্যাব-১১-এর উপ-অধিনায়ক হাসান শাহরিয়ার, মেজর তালুকদার নাজমুস সাকিব, অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী প্রমুখ।