পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালক ও চিকিৎসক তন্ময় প্রকাশসহ ৫ জনের বিরুদ্ধে ৮৮ লাখ ৩ হাজার ৭৬২ টাকা আত্মসাতের অভিযোগে ৬টি মামলা হয়েছে। বুধবার বিকেলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শহীদুল আলম সরকার বাদী হয়ে মামলাগুলো করেন।
মামলার অন্য আসামিরা হলেন জেলার সাবেক বিপণন কর্মকর্তা (বর্তমানে কৃষি বিপণন অধিদপ্তরের দিনাজপুর কার্যালয়ে কর্মরত) হুমায়ুন কবীর, হাসপাতালের খাদ্যসরবরাহ ঠিকাদার এইচ এম রেজাউল, এইচ এম ফয়সাল ও এইচ এম আরফিন। এ তিন ঠিকাদার সহোদর, তাঁদের বাড়ি পাবনা জেলা শহরে।
দুদকের পাবনা কার্যালয় সূত্রে জানা গেছে, ঠিকাদারেরা ২০১৭-১৮, ২০১৮-১৯ অর্থবছরে যোগসাজশ করে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে বিভিন্ন পণ্য সরবরাহ করে ৮৮ লাখ ৩ হাজার ৭৬২ টাকা আত্মসাৎ করেন। এ বিষয়ে দীর্ঘ অনুসন্ধান শেষে ছয়টি মামলা করা হয়েছে।
জানতে চাইলে মামলার বাদী ও দুদকের পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শহীদুল আলম সরকার বলেন, দীর্ঘ অনুসন্ধান শেষে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মেলায় মামলাগুলো করা হয়েছে। মামলার তদন্ত দুদক করবে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।