নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের ভরাডুবি ঘটেছে। দুই উপজেলার ১৫টি ইউপির মধ্যে নৌকার চেয়ারম্যান প্রার্থীরা মাত্র ৫টিতে জয় লাভ করেছেন। বাকি ১০টির মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীরা ছয়টিতে এবং স্বতন্ত্র হিসেবে নির্বাচন করা বিএনপির প্রার্থীরা চারটিতে জয়ী হয়েছেন।
গতকাল রোববার লালপুরের ১০টি ও বাগাতিপাড়ার ৫টি ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফলাফলে লালপুরে নৌকা তিনটি, বিদ্রোহী পাঁচটি ও বিএনপি–সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা দুটি ইউপিতে জয়ী হন। বাগাতিপাড়ায় নৌকা দুটি, বিদ্রোহী একটি ও বিএনপি স্বতন্ত্র প্রার্থীরা দুটি ইউপিতে জয় পান। নাটোর-১ (লালপুর ও বাগাতিপাড়া) আসনের সাবেক ও বর্তমান সাংসদের নেতৃত্বে তৃণমূলে আওয়ামী লীগের দুটি করে কমিটি থাকার কারণে নৌকার এই ভরাডুবি হয়েছে বলে মনে করছেন দলীয় নেতা–কর্মীরা।
দলীয় সূত্রে জানা গেছে, গত সংসদ নির্বাচনে সাবেক সাংসদ মো. আবুল কালামকে দলীয় মনোনয়ন না দিয়ে বর্তমান সাংসদ শহিদুল ইসলামকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। এর পর থেকে লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় আওয়ামী লীগের রাজনীতি দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। সাবেক ও বর্তমান সাংসদের নেতৃত্বে তৃণমূলে আলাদা আলাদা কমিটি গঠন করা হয়। তবে দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়নি। সাবেক সাংসদ আবুল কালামের করা আগের উপজেলা কমিটি এখনো বহাল আছে। সম্প্রতি ইউপি নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করার ক্ষেত্রে দুই পক্ষের সমর্থিত প্রার্থীদের তালিকা কেন্দ্রে জমা দেওয়া হয়। তবে চূড়ান্ত তালিকায় সাবেক সাংসদ–সমর্থিত প্রার্থীরা প্রাধান্য পান। লালপুরের ১০টি ইউনিয়নের ৯টি ও বাগাতিপাড়ার ৫টি ইউনিয়নের সব কটিতে সাবেক সাংসদের সমর্থকেরা নৌকার প্রার্থী মনোনয়ন পান। তাঁরা সবাই সাবেক সাংসদের করা ইউনিয়ন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের (সভাপতি, সম্পাদক ও সহসভাপতি) নেতা। আবুল কালাম প্রকাশ্যে এসব প্রার্থীর পক্ষে মাঠে নেমে প্রচারণায় অংশ নেন।
এমন অবস্থায় বর্তমান সাংসদের অনুসারী নেতারা প্রতিটি ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হন। তাঁরা সবাই সাংসদের করা ইউনিয়ন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা। বর্তমান সাংসদ শহিদুল ইসলাম সরাসরি এসব প্রার্থীর পক্ষে মাঠে না নামলেও নানাভাবে সহযোগিতা করেছেন বলে অভিযোগ রয়েছে। কেন্দ্র থেকে বিদ্রোহী প্রার্থী ও তাঁদের সমর্থকদের বহিষ্কার করা হয়। তাতেও তাঁরা দমে যাননি। তাঁরা নির্বাচনের মাঠে সরব ছিলেন।
আওয়ামী লীগের দুই পক্ষের এই দ্বন্দ্বের সুযোগ কাজে লাগাতে লালপুরে সাতটি ও বাগাতিপাড়ায় চারটি ইউনিয়নে বিএনপি নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের মাঠে তাঁরাও সরব ছিলেন। পুলিশ ও প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার কারণে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটের দিন কোথাও সংঘর্ষের ঘটনাও ঘটেনি।
নির্বাচনের ফলাফল নিয়ে সাবেক সাংসদ আবুল কালাম বলেন, দল করতে হলে দলের শৃঙ্খলা মানতে হবে। লালপুর-বাগাতিপাড়ায় বর্তমান সাংসদ তা মানেননি। কেন্দ্র থেকে যাঁদের নৌকা প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে, তাঁদের সহযোগিতা না করে প্রত্যেকের বিরুদ্ধে তিনি এক বা একাধিক বিদ্রোহী প্রার্থী দাঁড় করিয়ে দিয়েছেন। প্রভাবিত করে তাঁদের পক্ষে বিজয় ছিনিয়ে নিয়েছেন। এ ক্ষেত্রে বর্তমান সাংসদের করা তৃণমূলের কমিটিগুলো বিরাট ভূমিকা রেখেছে। এ ব্যাপারে কেন্দ্রের আরও কঠোর সিদ্ধান্ত নেওয়া উচিত।
এ ব্যাপারে বর্তমান সাংসদ শহিদুল ইসলামের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ধরেননি। তবে বর্তমান সাংসদের সহযোগী হিসেবে পরিচিত লালপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কাউছার বলেন, দলীয় প্রার্থী নির্বাচন যে সব সময় সঠিক হয়, তা বিশ্বাস করা যায় না। নানা কারণে কোনো কোনো সময় অযোগ্য লোকও দলীয় মনোনয়ন পান। তবে স্থানীয় নির্বাচনে ভোটাররা দলীয় বিবেচনার পাশাপাশি প্রার্থীদের ব্যক্তিগত গুণাগুণের ওপর বেশি গুরুত্ব দেন। এ কারণে লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় দলীয় মনোনয়ন পাননি এমন প্রার্থীরাও বিজয়ী হয়েছেন। তাই তাঁদের আবারও দলে নিয়ে এলাকার উন্নয়নে সহযোগিতা করা দরকার।