সাবেক সাংসদ সামশুল ইসলামের ২ দিনের রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপরাধ
প্রতীকী ছবি

অর্থ আত্মসাতের মামলায় চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের (আইআইইউসি) ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সাবেক সাংসদ আ ন ম মুহাম্মদ সামশুল ইসলামের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার চট্টগ্রামের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিনের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, অর্থ আত্মসাৎ মামলায় গ্রেপ্তার সামশুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চান তিনি। শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তিনি আরও বলেন, রিমান্ডে আসামির কাছ থেকে আত্মসাৎ করা টাকা কোথায় আছে, তা জানার চেষ্টা করা হবে। পাশাপাশি ওই টাকা উদ্ধারের চেষ্টা করা হবে। আত্মসাৎ করা অর্থ দিয়ে যে গাড়ি কেনা হয়েছে, সেটাও জানার চেষ্টা করা হবে।

পুলিশ জানিয়েছে, আইআইইউসির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান থাকার সময় ৫৫০ জন শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীর বেতন-ভাতা এবং প্রভিডেন্ট ফান্ডের প্রায় ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে ৫ আগস্ট সামশুল ইসলাম ও বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য কে এম গোলাম মহিউদ্দিনসহ ১০ জন ট্রাস্টি বোর্ডের সদস্য, শিক্ষক–কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন বিশ্ববিদ্যালয়টির ট্রেজারার হুমায়ুন কবির। অন্য একটি মামলায় ১০ সেপ্টেম্বর ঢাকা থেকে সামশুল ইসলামকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর সীতাকুণ্ড থানা-পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ২১ সেপ্টেম্বর অর্থ আত্মসাৎ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ২৩ সেপ্টেম্বর রিমান্ডের আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা।

ট্রাস্টি বোর্ডের সাবেক ট্রেজারার আহসান উল্লাহ ভূঁইয়া, সাবেক ট্রাস্টি বোর্ডের সদস্য মোহাম্মদ আমিরুজ্জামান, আইআইইউসি ট্রেজারার আবদুল হামিদ চৌধুরী, সহ–উপাচার্য মো. আলী আজাদী, হিসাব বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তৌফিকুর রহমানসহ ১০ জন ওই মামলার আসামি।