সাবেক স্ত্রীর বাড়ির পাশের খেতে পড়ে ছিল ষাটোর্ধ্ব ব্যক্তির লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হত্যা
প্রতীকী ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জে সাবেক স্ত্রীর বাড়ির পাশের খেত থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ওই ব্যক্তির নাম ফরজান খান (৬৫)। আজ সোমবার দুপুরে উপজেলার পতনউষার ইউনিয়নের টিলাগড় গ্রামে তাঁর সাবেক স্ত্রী শামসুন বেগমের বাবার বাড়ির পাশের ফসলি জমি থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।

নিহত ফরজান খান কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বিজলী গ্রামের মৃত রসিদ খানের ছেলে। তবে তিনি বসবাস করতেন কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ছনগাঁও গ্রামে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত ইয়ারদৌস হাসান ঘটনাটি নিশ্চিত করে বলেন, আজ সকালে পতনউষার ইউনিয়নের টিলাগড় গ্রামের ফসলি জমিতে লাশ পড়ে আছে দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে জানান। লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীকালে তদন্তক্রমে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রায় ৩০ বছর আগে ফরজান ৩ শিশুসন্তানসহ স্ত্রীকে শ্বশুরবাড়ি টিলাগড় গ্রামে পাঠিয়ে দেন। এরপর স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ছয়-সাত বছর আগেও ফরজান খানকে একবার ফসলি জমিতে অচেতন অবস্থায় পাওয়া যায়। প্রায় ৩০ বছর আগে ফরজান ৩ শিশুসন্তানসহ স্ত্রীকে শ্বশুরবাড়ি টিলাগড় গ্রামে পাঠিয়ে দেন। এরপর স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। মাঝেমধ্যে সন্তানদের দেখতে তিনি সাবেক স্ত্রীর বাবার বাড়িতে যেতেন।

নিহত ব্যক্তির স্বাবেক স্ত্রী শামসুন বেগম ও তাঁর বড় ছেলে সোহেল খান বলেন, সকালে ঘুম থেকে উঠে মানুষের চিৎকার শুনে বাড়ি থেকে বের হয়ে তাঁরা লাশ দেখতে পান। পরে লাশটি শনাক্ত করেন তাঁরা।

তবে ফরজান খানের ছোট বোন ইয়ারুন বেগম বলেন, তাঁর ভাইকে কেউ হত্যা করে জমিতে ফেলে গেছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেন।