সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলী আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেখ রাজ্জাক আলী
শেখ রাজ্জাক আলী

সাবেক স্পিকার, বর্ষীয়ান পার্লামেন্টারিয়ান, রাজনীতিবিদ, শিক্ষানুরাগী ও আইনজীবী শেখ রাজ্জাক আলী আর নেই। গতকাল রোববার বেলা ২টা ৪০ মিনিটে খুলনার ফারাজীপাড়ার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।
বর্ণাঢ্য রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের অধিকারী শেখ রাজ্জাক আলীর জন্ম ১৯২৮ সালের ২৮ আগস্ট খুলনার পাইকগাছা উপজেলার হিতামপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে।
পারিবারিক সূত্র জানায়, অনেক দিন ধরেই কোলন ক্যানসারে ভুগছিলেন রাজ্জাক আলী। তিনি স্ত্রী ও পাঁচ মেয়ে রেখে গেছেন। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় খুলনা আইনজীবী সমিতিতে তাঁর মরদেহ নেওয়া হবে এবং ১১টায় খুলনা সার্কিট হাউস ময়দানে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর গ্রামের বাড়ি হিতামপুরে বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে সেখানেই দাফন করা হবে।
রাজ্জাক আলীর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, খুলনা সিটি করপোরেশনের মেয়র মনিরুজ্জামান, খুলনা-২ আসনের সাংসদ মিজানুর রহমান, খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি নেতারা। শোক বাণী দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শেখ রাজ্জাক আলী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে (১৯৫২) ও বাংলা সাহিত্যে (১৯৫৪) মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর এলএলবি সম্পন্ন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায় সক্রিয়ভাবে বায়ান্নর ভাষা আন্দোলনে যোগ দেন। ১৯৫৮ সালে খুলনা জেলা জজ কোর্টে ওকালতি শুরু করেন। ১৯৬৩ সালে হাইকোর্টে বারের সদস্য হন ও ১৯৬৪ সালে খুলনা আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হন। তিনি খুলনা ল’ কলেজের প্রতিষ্ঠাকালীন সহ-অধ্যক্ষের দায়িত্বও পালন করেন। এরপর দীর্ঘ ২৫ বছর কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেন।
শেখ রাজ্জাক আলী ১৯৭৯ সালে খুলনা-৫ আসন থেকে এবং ১৯৯১ ও ১৯৯৬ সালে খুলনা-২ আসন থেকে বিএনপি দলীয় সাংসদ নির্বাচিত হন। ১৯৯১ সালে আইন ও বিচারবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব নেন তিনি। সে বছরই জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হন। একই বছর ১২ অক্টোবর স্পিকারের দায়িত্ব পান। ১৯৯৬ সালেও স্পিকার হন তিনি। এর আগে ১৯৯২ সালে তিনি বিএনপির প্রথম ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।
১৯৯২ সালে রাজ্জাক আলী শ্রীলঙ্কার কলোম্বতে প্রথম সার্ক স্পিকারস সম্মেলনে যোগদান করেন ও সার্ক স্পিকারস অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হন। ১৯৯৬ সালের বিতর্কিত জাতীয় নির্বাচনের পর তাঁর সভাপতিত্বেই সংসদের স্বল্প সময়ের অধিবেশনে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার অনুমোদন দেওয়া হয়। ২০০২ সালে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার নিযুক্ত হন তিনি।
শেখ রাজ্জাক আলী ২০০৬ সালে বিএনপি ছেড়ে এলডিপিতে সিনিয়র প্রেসিডিয়াম সদস্য হিসেবে যোগ দেন। সে বছরই তিনি নিজেকে রাজনীতি থেকে গুটিয়ে নেন।