সাবেক স্বামীর বাড়ি থেকে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সাবেক স্বামীর বাড়িতে ঝুলছিল এক নারীর লাশ। আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার জাহাঙ্গীরগাঁতী এলাকায় বিদেশফেরত নাজিম উদ্দিনের বাড়ি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
ওই নারীর নাম রোজিনা খাতুন। তিনি বিদেশফেরত নাজিম উদ্দিনের সাবেক স্ত্রী। নিহত রোজিনা তাড়াশ দক্ষিণপাড়ার মৃত মোসলেম উদ্দিনের মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার নাজিম উদ্দিনের বাড়িতে আসেন তাঁর সাবেক স্ত্রী রোজিনা খাতুন। শুক্রবার রাতে নাজিম উদ্দিনের বাড়ির বারান্দার আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় রোজিনার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে প্রতিবেশীরা থানায় খবর দেন। পুলিশ আজ সকালে গিয়ে লাশটি উদ্ধার করে।
রোজিনার ভাই শহিদুল ইসলাম বলেন, প্রায় দুই বছর ধরে তাঁর বোন রোজিনার সঙ্গে নাজিম উদ্দিনের বনিবনা হচ্ছিল না। কিছুদিন আগে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। তাঁদের একটি প্রতিবন্ধী মেয়ে আছে। উভয় পরিবারের লোকজনের মাধ্যমে তাঁর বোনের দেনমোহর ও প্রতিবন্ধী সন্তানের লালনপালনের জন্য পাঁচ লাখ টাকা দেওয়ার মধ্য দিয়ে বিষয়টির সুরাহা হয়। গত বৃহস্পতিবার রোজিনার সাবেক স্বামী নাজিম উদ্দিন তাঁকে নিয়ে আবার সংসার করার ইচ্ছা প্রকাশ করেন এবং রোজিনাকে বাড়িতে যাওয়ার জন্য বলেন। রোজিনা সেখানে যাওয়ার পর তালাকের সময় দেওয়া পাঁচ লাখ টাকা ফেরত দিলে তাঁকে নিয়ে সংসার করা হবে বলে জানান নাজিম উদ্দিন। বিষয়টি নিয়ে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এরপর শুক্রবার রাতে নাজিমের বাড়িতে রোজিনার ঝুলন্ত লাশ পাওয়া যায়। শহিদুল ইসলাম দাবি করেন, তাঁর বোনকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনার উপযুক্ত বিচার চান।
আজ দুপুরে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক প্রথম আলোকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।