পাকুন্দিয়া আওয়ামী লীগ
সাবেক–বর্তমান সাংসদের দ্বন্দ্ব
এক পক্ষে বর্তমান সাংসদ নূর মোহাম্মদ, অপর পক্ষে আছেন সাবেক সাংসদ সোহরাব উদ্দিন। কিছুদিন পরপর এই দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিচ্ছে।
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী ও পাকুন্দিয়া) আসনের বর্তমান সাংসদ নূর মোহাম্মদ ও সাবেক সাংসদ সোহরাব উদ্দিনের মুখোমুখি অবস্থানকে ঘিরে আবার উত্তপ্ত হয়ে উঠেছে পাকুন্দিয়া আওয়ামী লীগের রাজনীতি। এই দুই নেতার কর্মী–সমর্থকেরা প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘাতে জড়াচ্ছেন।
সর্বশেষ একুশে ফেব্রুয়ারির দিন শহীদ মিনারে ফুল দেওয়া নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের সাতজন আহত হন। ঘটনার পর দুই পক্ষই আগ্নেয়াস্ত্র নিয়ে শহরে মহড়া দেয়। ওই দিন দুপুরের মধ্যে সাংসদ পক্ষের ১০ নেতা উপজেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ করেন।
কিছুদিন পরপর এই দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিচ্ছে। এ নিয়ে দুশ্চিন্তা বাড়ছে জেলা আওয়ামী লীগের নেতাদের মধ্যে। চেষ্টা করেও এ অবস্থা থেকে উত্তরণের পথ খুঁজে পাচ্ছেন না জেলার নেতারা।
শহীদ দিবসের অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষ নিয়ে কোনো মামলা হয়নি। পাকুন্দিয়া থানার ওসি সারোয়ার জাহান বলেন, শহীদ দিবসের দিন তেমন কোনো ঘটনা ঘটেনি। ইটপাটকেল ব্যবহার হয়েছে মাত্র।
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আহমদ উল্লাহ বলেন, ‘পাকুন্দিয়ার পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। নিরুপায় হয়ে আমরা পাকুন্দিয়ার পুরো পরিস্থিতি তুলে ধরে কেন্দ্রকে লিখিতভাবে জানানোর সিদ্ধান্ত নিয়েছি।’
দলীয় সূত্র জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নূর মোহাম্মদ কিশোরগঞ্জ-২ আসন থেকে দলীয় টিকিটে অংশ নেওয়ার মাধ্যমে রাজনীতিতে যুক্ত হন। তিনি পুলিশের সাবেক আইজি। তাঁর বাড়ি কটিয়াদী। সোহরাব উদ্দিন পাকুন্দিয়ার মানুষ। নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি এ আসনের সাংসদ ছিলেন। নূর মোহাম্মদ রাজনীতিতে আসার পর তাঁর দলীয় মনোনয়ন ও স্থানীয় রাজনীতি চ্যালেঞ্জের মধ্যে পড়ে।
নূর মোহাম্মদ সাংসদ হওয়ার পর পাকুন্দিয়া আওয়ামী লীগ পুনর্গঠনে মনোযোগী হন। গত বছরের মে থেকে জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যে কেন্দ্র ও জেলার নেতাদের উপেক্ষা করে তিনি উপজেলার একাধিক ইউনিয়ন কমিটি গঠন করে দেন বলে স্থানীয় নেতা–কর্মীরা জানিয়েছেন।
তখন কমিটি গঠনের প্রতিরোধে নেমেছিলেন সোহরাব। ওই রাজনীতিতে সোহরাবের জয় আসে। ২০২০ সালের সেপ্টেম্বরে কেন্দ্র থেকে এক ঘোষণায় নূর মোহাম্মদের করা সব কমিটি বিলুপ্ত করা হয়। এরপরই পাকুন্দিয়া আওয়ামী লীগে সোহরাব পক্ষের পালে গতি পায়। ১০ মাস পর গত বছরের ২২ জুলাই সোহরাবকে আহ্বায়ক করে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়কের নাম ঘোষণা করা হয়। শেষে গত বছরের ৯ সেপ্টেম্বর ৬৭ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় জেলা। ওই কমিটি হওয়ার পর দুই পক্ষের মধ্যে আবার উত্তেজনা বাড়ে। গত বছরের বিজয় দিবসে দুই পক্ষ পৃথক কর্মসূচি পালনের উদ্যোগ নেয়। তখন উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিজয় দিবসের সংঘর্ষেও আগ্নেয়াস্ত্রের ব্যবহার দেখেন পাকুন্দিয়াবাসী।
জানতে চাইলে বর্তমান সাংসদ পক্ষের রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সোহরাবের কমিটি জামায়াত ও বিএনপিনির্ভর। কমিটি পাওয়ার পর তিনি সাংসদের সঙ্গে যোগাযোগবিচ্ছিন্ন। এ অবস্থায় তাঁর সঙ্গে রাজনীতি করা সম্ভব নয় বলেই আমরা ১০ জন দল থেকে সরে গেছি।’ অস্ত্রের রাজনীতি প্রসঙ্গে তাঁর ভাষ্য, সোহরাব টিকে আছেন অস্ত্রবাজি করে। পাকুন্দিয়ায় এখন সোহরাবের লোকজন প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দেন।
অভিযোগ প্রসঙ্গে সোহরাব উদ্দিন বলেন, পাকুন্দিয়ার রাজনীতিতে শান্তি না ফেরার পেছনে এক নম্বর ব্যক্তি সাংসদ নূর মোহাম্মদ। অস্ত্রের রাজনীতির বিষয়ে তিনি পাল্টা অভিযোগ করে বলেন, নূর মোহাম্মদের লোকজনের হাতে এখন অগণিত অস্ত্র।