সাভার থেকে ব্যাংক কর্মকর্তা অপহরণ, চার ঘণ্টা পর মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার থেকে নাজমুল হক নামে এক ব্যাংক কর্মকর্তাকে অপহরণ করার পর দুর্বৃত্তরা তাঁর পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। আইন প্রয়োগকারী সংস্থার তৎপরতায় চার ঘণ্টা পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। 
অপহরণের পর পরই টাকা আদায়ের জন্য তাঁর শরীরের বিভিন্ন অংশে হাতুড়ি ও প্লাস দিয়ে আঘাত করা হয়। উদ্ধার হওয়ার পর চিকিৎসার জন্য তাঁকে রাজধানীর মহাখালীর আয়শা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাজমুল হক মার্কেন্টাইল ব্যাংক রাজধানীর বিমানবন্দর সড়ক শাখার নির্বাহী কর্মকর্তা (ক্যাশ)। তিনি সাভারের ব্যাংকটাউন এলাকায় থাকেন। এর আগে তিনি একই ব্যাংকের সাভারের হেমায়েতপুর শাখায় কর্মরত ছিলেন। মাস খানেক আগে তিনি বর্তমান কর্মস্থলে বদলি হন।
সাভার মডেল থানা-পুলিশের ভাষ্য অনুযায়ী, নাজমুল হক গতকাল বুধবার তাঁর কর্মস্থলে যাওয়ার উদ্দেশে সকাল সাড়ে সাতটার দিকে বাসা থেকে বের হন। এরপর তিনি ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংকটাউন স্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি মাইক্রোবাস রাজধানীতে যাওয়ার কথা বলে ওই স্ট্যান্ডে দাঁড়িয়ে কয়েকজন যাত্রী তুলেন। তাঁদের সঙ্গে তিনিও ওই মাইক্রোবাসে ওঠার পর পরই যাত্রীবেশী দুর্বৃত্তরা তাঁকে অপহরণ করে নিয়ে যায়।
নাজমুল হক বলেন, সকাল পৌনে আটটার দিকে একটি মাইক্রোবাস ব্যাংকটাউন স্ট্যান্ডে এসে দাঁড়ায়। এরপর গাড়ির চালক তিনজন যাত্রী তোলেন। ওই যাত্রীরা তাঁকেও গাড়িতে ওঠার অনুরোধ জানান। তিনি রাজি না হলে যাত্রীবেশী দুর্বৃত্তরা তাঁকে টেনেহিঁচড়ে গাড়িতে তুলে দ্রুত গাড়ি ছেড়ে দেন।
দুর্বৃত্তরা তাঁর হাত-পা ও চোখ বেঁধে তাঁকে হাতুড়ি ও প্লাস দিয়ে মারপিট করতে থাকেন। একপর্যায়ে তাঁকে ছেড়ে দেওয়ার শর্তে তাঁর স্ত্রীর মুঠোফোনে কল করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। টাকা পাঠাতে দেরি হওয়ায় দুপুর ১২টার দিকে তাঁকে টাঙ্গাইলের করোটিয়া এলাকায় ছেড়ে দেওয়া হয়।
মার্কেন্টাইল ব্যাংক বিমানবন্দর সড়ক শাখার ব্যবস্থাপক আহসানুল হক চৌধুরী বলেন, নাজমুল হকের কাছে ব্যাংকের ভোল্টের চাবি ছিল। তিনি সময়মতো ব্যাংকে উপস্থিত না হওয়ায় তাঁর মুঠোফোনে কল করে তা বন্ধ পাওয়া যায়। এর কিছু সময় পর তাঁর স্ত্রীর কাছ থেকে অপহরণের বিষয়টি অবগত হয়ে তাঁরা আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করেন। সম্ভবত দুর্বৃত্তরা বিষয়টি আঁচ করতে পেরে তাঁকে ছেড়ে দেয়।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) দীপক কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ব্যাংকের পক্ষ থেকে বিষয়টি আমাদের জানানোর পর অপহরণের শিকার ব্যক্তির মুঠোফোন নম্বর ট্র্যাকিংয়ের জন্য কয়েকটি সংস্থার কাছে সরবরাহ করা হয়। মুঠোফোন ট্র্যাকিংয়ের বিষয়টি টের পেয়ে হয়তো তারা ওই ব্যাংক কর্মকর্তাকে ছেড়ে দিয়েছে।