সাভারে আসবাব তৈরির কারখানায় অগ্নিকাণ্ড
ঢাকার সাভার উপজেলার বাজার রোড এলাকায় আসবাব তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার মধ্যরাতে এই ঘটনা ঘটে।
সাভার ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত পৌনে একটার দিকে সাভারের বাজার রোড এলাকায় আবুলের মার্কেটের হাবিব স্টিল কিং ফার্নিচার নামে আসবাব তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের খবর পান তাঁরা। তাৎক্ষণিকভাবে সাভার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী রাজীম ভূঁইয়া বলেন, হাবিব স্টিল কিং ফার্নিচার কারখানায় রাত ১২টা ৪০ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভান।
কারখানার মালিক মো. হাবিব প্রথম আলোকে বলেন, কারখানায় পার্টিকেল বোর্ডের তৈরি আসবাব ও কিছু সোফা ছিল। সবই পুড়ে গেছে। এতে দুই-তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের সময় বিদ্যুৎ ছিল না। মনে হচ্ছে কেউ হয়তো কারখানার পাশে ধূমপান করে আগুন ফেলে দেওয়ায় সেখানে আগুন লেগেছে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, ‘ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। আগুন আশপাশে ছড়িয়ে পড়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনই কিছু বলা সম্ভব নয়। তদন্তের পর অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষতির পরিমাণ জানা যাবে।’