সাভারে কারখানা থেকে মহাব্যবস্থাপকের ঝুলন্ত লাশ উদ্ধার, ডায়েরি জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝুলন্ত লাশ
প্রতীকী ছবি

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় একটি কারখানার ভেতর থেকে কারখানার মহাব্যবস্থাপক সাইফুর রহমানের (৩৩) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় সেখান থেকে একটি ডায়েরি জব্দ করা হয়। সাইফুর লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার পূর্ব শেখেরপুড়া এলাকার মৃত বদিউর রহমানের ছেলে।

আশুলিয়া থানা-পুলিশ সূত্রে জানা গেছে, আজ বেলা দুইটার দিকে আশুলিয়ার জামগড়ার বটতলা এলাকার বাগদাদ প্যাকেজিং কারখানার নিরাপত্তারক্ষীদের দেওয়া খবরের ভিত্তিতে কারখানার একটি কক্ষ থেকে ফ্যানের সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় সাইফুরের লাশ উদ্ধার করা হয়। এ সময় কক্ষের ভেতরে বেঞ্চের ওপর থেকে একটি ডায়েরি উদ্ধার করে পুলিশ। সাইফুর চার বছর ধরে ওই কারখানার মহাব্যবস্থাপকের দায়িত্ব পালন করছিলেন। তিনি কারখানার একটি কক্ষে থাকলেও তাঁর স্ত্রী গ্রামের বাড়িতে থাকতেন।

সাভারের আশুলিয়ায় কারখানার থেকে ঝুলন্ত লাশ উদ্ধারের সময় পুলিশ সেখান থেকে একটি ডায়েরি জব্দ করে
ছবি: সংগৃহীত

উদ্ধার হওয়া ডায়েরির একটি পাতায় লেখা ছিল, ‘আমার কারোর ওপর কোনো মান-অভিমান, রাগ নেই। আল্লাহর জন্য আমি সবাইকে ভালোবাসি। আমার লাশ মায়ের কাছে পৌঁছে দেবেন বা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আল্লাহ আমার জীবনে করে যাওয়া কোনো কাজের অছিলা হিসেবে কবুল করে আমাকে মাফ করে দেন। রফিক দুলাভাই অনেক ভালো লোক। যখনই আমি কোনো সমস্যায় পড়তাম, তখন রফিক ভাইয়ের কাছে গেলে আপন ভাইয়ের মতো পাশে দাঁড়াতেন বা বুকে আগলে রেখে পরামর্শ দিতেন। ভাই, আপনি সাইমুনকে আপনার ছোট ভাইয়ের মতো আগলে রাখার চেষ্টা করবেন। সাইমুন, তুমি রফিক ভাইকে বাবার মতো সম্মান করবে। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। খুব দ্রুত সংসারজীবন শুরু করবা। আমার জন্য দোয়া করবা, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন।’

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন। লাশটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে অপমৃত্যুর মামলা হয়েছে। ওই কক্ষ থেকে একটি ডায়েরি জব্দ করা হয়েছে।