সাভারে চামড়া কারখানার ড্রাম থেকে শ্রমিকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভারের চামড়াশিল্প নগরের একটি কারখানার চামড়া প্রক্রিয়াকরণ ড্রামের ভেতর থেকে শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে
ফাইল ছবি

সাভারের চামড়াশিল্প নগরের একটি কারখানার চামড়া প্রক্রিয়াকরণ ড্রামের ভেতর থেকে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার হরিণধরা এলাকায় চামড়াশিল্প নগরের এলআইবি ট্যানারি থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহতের নাম বাপ্পি মিয়া (২৬)। তিনি খুলনা জেলার বাসিন্দা বলে জানা গেছে। তবে তাঁর বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

চামড়াশিল্প নগর ফাঁড়ির পুলিশ জানায়, গতকাল রোববার রাতের পালায় চামড়াশিল্প নগরের এলআইবি ট্যানারিতে কাজ করছিলেন বাপ্পি। রাতের কোনো এক সময় তিনি কেমিক্যালযুক্ত চামড়া প্রক্রিয়াকরণ ড্রামের ভেতর পরে যান।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সকালের পালায় কাজ করতে এসে অন্য শ্রমিকেরা ড্রামের ভেতরে বাপ্পির লাশ দেখতে পান। এ সময় তাঁরা ড্রাম থেকে লাশ বাইরে বের করে ট্যানারি কর্তৃপক্ষ ও চামড়াশিল্প নগর ফাঁড়ির পুলিশকে জানায়। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়।

পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কাজ করার সময় অসতর্কতার কারণে তিনি (বাপ্পি) ড্রামে পরে যান। ড্রামের ভেতর থাকা কেমিক্যাল মৃত্যুর কারণ হতে পারে।

বাপ্পির লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এসআই জাহিদুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।