সাভারে ছুরিকাঘাতে কিশোর নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছুরিকাঘাত
প্রতীকী ছবি

ঢাকার সাভার উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আল আমিন (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। আজ শুক্রবার সকালে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কিশোরের লাশটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে সাভার মডেল থানা–পুলিশ।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে সাভারের বাজার রোড এলাকায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

নিহত আল আমিন ফরিদপুরের কোতোয়ালি থানার হাটগোবিন্দপুর গ্রামের আকমল হোসেনের ছেলে। সে সাভারের বাজার বাসস্ট্যান্ডে একটি মুঠোফোন সার্ভিসিংয়ের দোকানে কাজ করত।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে সাভারের বাজার রোড এলাকায় দুর্বৃত্তরা আল আমিনকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় আল আমিন একটি দোকানের সামনে দৌড়ে এসে অচেতন হয়ে পড়ে যায়। পরে স্থানীয় ব্যক্তিরা তাকে সাভারের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। সেখান থেকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানার উপপরিদর্শক হারুনুর রশীদ বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে। নিহত কিশোরের পরিবারের সদস্যরা থানায় এসে মামলার প্রস্তুতি নিচ্ছেন।