সাভারে ছুরিকাঘাতে রিকশাচালককে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হত্যা
প্রতীকী ছবি

সাভারে এক রিকশাচালককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে সাভারের মধ্যরাজাশন এলাকা থেকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সোহেল হোসেন (৩০)। তিনি নীলফামারীর জলঢাকা থানার পাঠানপাড়া গ্রামের মো. মোকছেদুলের ছেলে। সোহেল মধ্যরাজাশন এলাকার একটি বাড়িতে ভাড়া থেকে রিকশা চালাতেন।

নিহত ব্যক্তির স্বজনেরা জানান, গতকাল রাত আটটার দিকে রিকশাচালক সোহেলকে ফোন করে কেউ একজন ডেকে নেন। পরে স্থানীয় লোকজন বাড়ির পাশেই রিকশার ওপর সোহেলকে আহত অবস্থায় দেখতে পান। তাঁরা সোহেলকে উদ্ধার করে সাভারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সাভার মডেল থানা–পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সাভার থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল রাতে নিহতের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের তলপেটে গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।