সাভারে নতুন করে করোনায় আক্রান্ত ৩২, একজনের মৃত্যু

ঢাকার সাভারে কোভিড–১৯ রোগীর সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন একজন। এ নিয়ে সাভারে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৯১ জনে। মোট মৃতের সংখ্যা চারজন।
নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে একজন সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) শিল্প পুলিশের পাঁচ সদস্য, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন স্বাস্থ্যকর্মী ও একজন সুইপারসহ একাধিক বেসরকারি হাসপাতালের পাঁচ কর্মচারী ও কয়েকজন পোশাককর্মী রয়েছেন।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, করোনা পরীক্ষার জন্য গত রোববার ৪৮ জনের নমুনা সংগ্রহ করে সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) ল্যাবে পাঠানো হয়েছিল। আজ সোমবার এসব নমুনা পরীক্ষা করে ৩২ জনের করোনা ‘পজিটিভ’ পাওয়া গেছে।
এদিকে পাশের উপজেলা ধামরাইয়ে মোট আক্রান্তের সংখ্যা ২১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন তিনজন। ধামরাই থেকে গত রোববার একই ল্যাবে ১১ জনের নমুনা পাঠানো হয়েছিল। এর মধ্যে তিনজনের করোনা ‘পজিটিভ’ পাওয়া যায়।
বিপণিবিতান, শপিং মল ও দোকানপাট খুলে দেওয়ার পাশাপাশি লোকজন সামাজিক দূরত্ব মেনে না চলায় আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে মনে করেন সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) মহাপরিচালক (ডিজি) নাথুরাম সরকার। সংক্রমণ ঠেকাতে সাভারকে পুরোপুরি ও কার্যকর লকডাউন করে দেওয়ার পরামর্শ দেন তিনি।
এদিকে বন্ধ ঘোষণা করার পরও দোকানপাট খোলা রাখায় এবং স্বাস্থ্যবিধি মেনে না চলায় আজ সোমবার সাভার বাজার রোড ও নামাবাজারে অভিযান চালিয়ে ১০ ক্রেতা-বিক্রেতাকে ২৫ হাজার ৩০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের নেতৃত্ব দেন সাভারের সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মাহফুজ।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা বলেন, সাভারে করোনার সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় সোমবার উপজেলা করোনা প্রতিরোধ কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন পোশাক কারখানার প্রতিনিধিসহ স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সায়েমুল হক বলেন, সভায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে পোশাক কারখানাগুলোতে করোনায় আক্রান্ত কর্মীদের জন্য কারখানার ভেতরে আইসোলেশন ও সন্দেহভাজন কর্মীদের জন্য কারখানার বাইরে প্রাতিষ্ঠানিক কেয়ারেন্টিনের ব্যবস্থা করার সুপারিশ করা হয়। এ ছাড়া প্রতিটি কারখানা ও ইউনিয়নে নমুনা সংগ্রহের বুথ স্থাপনের পরামর্শ দেওয়া হয়।