সাভারে নির্বাচনী প্রচারণায় বিএনপির কর্মী ও সমর্থকদের ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচন
প্রতীকী ছবি

ঢাকার সাভারে বিএনপির মেয়র প্রার্থীর কর্মী ও সমর্থকদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পাঁচ নম্বর ওয়ার্ডের ব্যাংক কলোনি মহল্লায় এ ঘটনা ঘটে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, আজ সকাল থেকে বিএনপির মেয়র প্রার্থী রেফাত উল্লাহ কর্মী-সমর্থকদের নিয়ে প্রচারণা চালাচ্ছিলেন। তাঁদের সঙ্গে ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ দেওয়ান সালাউদ্দিন। বেলা ১১টার দিকে তাঁরা ব্যাংক কলোনি এলাকায় পৌঁছালে আওয়ামী লীগের বেশ কয়েকজন কর্মী ও সমর্থক তাঁদের ওপর হামলা চালান। এ সময় বিএনপির নেতা, কর্মী ও সমর্থকেরা ছত্রভঙ্গ হয়ে যান।

আওয়ামী লীগের কর্মী ও সমর্থকেরা আমার প্রচারণায় বাধা দিচ্ছেন। রাতের আঁধারে আমার সব পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। এর আগে গত ৩১ ডিসেম্বরও তাঁর ওপর হামলার ঘটনা ঘটেছে।
রেফাত উল্লাহ, বিএনপির মেয়র প্রার্থী

রেফাত উল্লাহ বলেন, আওয়ামী লীগের কর্মী ও সমর্থকেরা তাঁর প্রচারণায় বাধা দিচ্ছেন। রাতের আঁধারে তাঁর সব পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। এর আগে গত ৩১ ডিসেম্বরও তাঁর ওপর হামলার ঘটনা ঘটেছে। ওই দিনের ঘটনার পর বিষয়টি তিনি লিখিতভাবে রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছিলেন।

কোনো ঘটনা যদি ঘটে থাকে, তাহলে তা তাদের (বিএনপি) অভ্যন্তরীণ কোন্দলের জের।
আবদুল গনি, বর্তমান মেয়র ও আওয়ামী লীগের মেয়র প্রার্থী

তবে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বর্তমান মেয়র আবদুল গনি বলেন, বিএনপির কর্মী-সমর্থকদের ওপর আওয়ামী লীগের কোনো কর্মী বা সমর্থক হামলা করেননি। কোনো ঘটনা যদি ঘটে থাকে, তাহলে তা তাদের (বিএনপি) অভ্যন্তরীণ কোন্দলের জের।

সাভার থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, বিএনপির কর্মী ও সমর্থকদের ওপর হামলা বা প্রচারণায় বাধার কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।