সাভারে পাউবোর দখল হয়ে যাওয়া সম্পত্তি উদ্ধারে অভিযান
সাভারের ব্যাংক কলোনির ছোট বলিমেহের মৌজায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দখল হয়ে যাওয়া সম্পত্তি উদ্ধারে অভিযান চলছে। সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদুর রহমানের নেতৃত্বে আজ বেলা ১১টার দিকে এ অভিযান শুরু হয়।
তবে অভিযানের সময় ওই জমির মালিক দাবি করে কয়েকজন ব্যক্তি বলেন, ঢাকা জেলা দায়রা জজ আদালতে জমির মালিকানা প্রতিষ্ঠার মামলা চলছে। এ জন্য তাঁরা উচ্ছেদ অভিযানে বাধা দিয়ে সময় চান। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, শুধু উচ্চ আদালত থেকে স্থগিত আদেশ রয়েছে এমন ভবনগুলো উচ্ছেদের আওতামুক্ত থাকবে।
এর পর একতলা একটি ভবন গুড়িয়ে দেয়ার মাধ্যমে স্থাপনা ভাঙা শুরু করা হয়। দুটি এস্কেভেটর ও একটি হেমারিং দিয়ে পাকা, আধাপাকা ভবন গুড়িয়ে দেয়া হয়। এ সময় নির্বাহী প্রকৌশলী (পাউবো) দেওয়ান আইনুল হক, উপবিভাগীয় প্রকৌশলী তওহিদুর রহমান ও মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
পাউবোর কর্মকর্তারা বলেন, বাংলাদেশ পাউবোর অনুকূলে সাভার উপজেলার ছোট বলিমেহের মৌজায় মোট সাতটি দাগে ৫ দশমিক ৮৮ একর জমি দখলে হয়ে আছে। এগুলো অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চলছে।
সকাল সাড়ে ১০ টার দিকে ব্যাংক কলোনী এলাকায় গিয়ে দেখা যায় উচ্ছেদের জন্য আনা এস্কেভেটরের সামনে শতাধিক লোকজন এই উচ্ছেদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। কয়েকজন সড়কে বসে আহাজারি করছেন। এদিকে বেলা সাড়ে ১১টার দিকে গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যা করতে চান আলমগীর হোসেন (৩৫)। তবে দ্রুতই আলমগীরের আশপাশের থাকা লোকজন তাঁর কাছে থেকে দিয়াশলাই কেড়ে নেন। এ সময় তিনিসহ আরেক নারী অজ্ঞান হয়ে যান।
সোয়া ৪ শতাংশ জমির মালিক দাবিদার কাউসার উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘এখানে ৫ বছর ধরে টিন শেড ঘর করে বাস করছি। আদালতে জমির মালিকানা–সংক্রান্ত মামলা চললেও আমাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে।’
জমির মালিক দাবিদার রেনুয়ারা বেগম প্রথম আলোকে বলেন, সারা জীবনের সঞ্চয় দিয়ে ৪ শতাংশ জমির উপর পাকা দোতলা ভবন বানিয়েছেন। তাঁর কাছে সব কাগজপত্রও আছে। এরপরও ভবন ভেঙে দিলে তিনি নিঃস্ব হয়ে যাবেন।
জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদুর রহমান প্রথম আলোকে বলেন, যেসব জমির বিষয়ে উচ্চআদালতের স্থগিত আদেশের তথ্য আছে, সেসব জমি এ অভিযানের আওতামুক্ত থাকবে। পাউবো যেসব জমির মালিকানা দাবি করেছেন সেগুলো জমি উদ্ধারেই সহায়তা করা হচ্ছে।