সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু, আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ঢাকার সাভার ও আশুলিয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আহত ব্যক্তিদের সাভারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোবরার ভোরে সাভারের থানা বাসস্ট্যান্ড ও আশুলিয়ার জামগড়া এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

সাভারে নিহত মো. মেহেদী হাসান পারভেজ (২৮) ক্যাপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়াইপি আশুলিয়া লিমিটেডের জুনিয়র কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি সাভারের রাজাশন এলাকার বাসিন্দা। আশুলিয়ায় নিহত রাসেল শেখ (৩৫) আশুলিয়ার ইয়ারপুরের বাগবাড়ি এলাকায় থাকেন। তিনি ধামরাইয়ের গ্লোরিয়াস ড্রেসেস নামে একটি পোশাক কারখানায় কাজ করতেন।

ক্যাপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়াইপি আশুলিয়া লিমিটেডের উৎপাদন নির্বাহী মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, ভোর পাঁচটার দিকে রাজাশনের বাসা থেকে বের হয়ে মেহেদী হাসান সাভারের অন্ধ মার্কেটের সামনে থেকে অফিসের মাইক্রোবাসে ওঠেন। মাইক্রোবাসটি আশুলিয়ার শ্রীপুর এলাকায় ওয়াইপি আশুলিয়া লিমিটেডের অপর একটি প্রতিষ্ঠান অ্যাক্সাকো লিমিটেডে আসতে পাকিজার সামনে ইউটার্ন নিতে অপেক্ষা করছিল। এ সময় পেছন থেকে অজ্ঞাত একটি পরিবহন মাইক্রোবাসটির পেছনের অংশে সজোরে ধাক্কা দিলে মাইক্রোবাসটি ঘুরে মূল সড়কে উঠে যায়। এ সময় ঢাকার দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান মাইক্রোবাসটি চাপা দেয়। এতে মেহেদী হাসান মাইক্রোবাস থেকে সড়কে ছিটকে পড়েন। পরে তাঁকেসহ চালক লিয়াকত হোসেন ও মানবসম্পদ ব্যবস্থাপক (এইচআর ম্যানেজার) ফখরুল আহসানকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেন স্থানীয় ব্যক্তিরা। হাসপাতালের চিকিৎসক মেহেদী হাসানকে মৃত ঘোষণা করেন। বাকি দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন। কাভার্ড ভ্যান ও মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পরপরই সটকে পড়ায় কাভার্ড ভ্যানের চালক বা সহকারীকে আটক করা সম্ভব হয়নি।
এদিকে ভোর ছয়টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় রাসেল শেখ নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

সকালে মোটরসাইকেলে করে কর্মস্থল ধামরাই উপজেলায় গ্লোরিয়াস ড্রেসেস নামে পোশাক কারখানায় যাওয়ার সময় জামগড়া এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় নিহত হন রাসেল শেখ। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে আশুলিয়া থানায় নিয়ে যায়।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত রায় প্রথম আলোকে বলেন, জামগড়া এলাকার সড়কটি খানাখন্দে ভরা। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, সড়কের বেহাল অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে চালক সড়কে পড়ে যান। এ সময় কাভার্ড ভ্যান চাপা দিলে রাসেল শেখ নিহত হন। ঘটনার পরপরই মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।