সাভারে প্রথম করোনা রোগী শনাক্ত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঢাকার সাভারে প্রথম কোনো করোনা রোগী শনাক্ত হয়েছেন। গতকাল সোমবার পরীক্ষার পর এই তথ্য জানা যায়। তাঁকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। তিনি ঢাকায় থাকতেন। ঢাকা থেকেই প্রতিদিন সাভারে যাওয়া-আসা করতেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের লক্ষণ দেখা দেওয়ায় গতকাল চিকিৎসক, স্বাস্থ্যকর্মীসহ ১০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। এর মধ্যে একজন চিকিৎসকের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। অন্যদের শরীরের করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা বলেন, করোনায় আক্রান্ত চিকিৎসক গতকাল জরুরি বিভাগে দায়িত্ব পালন করেছেন। তিনিসহ অনেক চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও রোগী ওই চিকিৎসকের সংস্পর্শে গিয়েছেন। এ জন্য তিনিসহ ৩৫ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর কোয়ারেন্টিনে অথবা আইসোলেশনে থাকার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। তিনি ইতিমধ্যে আইসোলেশনে চলে গেছেন। যেসব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী কোয়ারেন্টিনে অথবা আইসোলেশনে থাকবেন, তাঁদের পরিবর্তে নতুন জনবল দেওয়া হবে।

ঢাকা জেলার সিভিল সার্জন আবু হোসাইন মোহাম্মদ মইনুল আহসান বলেন, চিকিৎসক, স্বাস্থ্যকর্মীসহ হাসপাতালের অন্য কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যারা ওই চিকিৎসকের সংস্পর্শে গিয়েছেন, তাঁদের বিষয়ে তথ্য সংগ্রহ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।