সাভারে ফেনসিডিলসহ দুজন গ্রেপ্তার
ঢাকার সাভারে এক হাজার বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার রাতে আমিনবাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সাতক্ষীরার মোশারফ হোসেন (৫৬) ও নড়াইলের মনিরুল ইসলাম (২৬)।
র্যাব-৪ সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল আসছে, এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার শাহ ফিলিং স্টেশনের সামনে অবস্থান নেয়। রাত সাড়ে ১০টার দিকে একটি পিকআপ ভ্যানে অভিযান চালিয়ে এক হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করে তারা। এ সময় ফেনসিডিল বহনের অপরাধে ওই দুজনকে আটক করা হয়।
র্যাব-৪-এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী বলেন, মোশারফ ও মনিরুল মাদক ব্যবসায়ী। তাঁরা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে ফেনসিডিলসহ নানা ধরনের মাদকদ্রব্য রাজধানীতে পাচার করছিলেন।
তিনি আরও বলেন, আজ শুক্রবার সকালে গ্রেপ্তার দুজনকে সাভার থানায় সোপর্দ করে র্যাবের পক্ষ থেকে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।