সাভারে বিএনপির সমাবেশে পুলিশের বাধা, সংঘর্ষ–লাঠিপেটায় আহত ২৪
সাভারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির নেতা–কর্মীদের বিক্ষোভ সমাবেশে পুলিশ বাধা দিতে গেলে সংঘর্ষ হয়। এ সময় পাল্টাপাল্টি ধাওয়া, লাঠিপেটা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। আজ বুধবার সকাল ১০টার দিকে সাভারের ব্যাংক কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, বিএনপির নেতা–কর্মীদের ছোড়া ইটপাটকেলের আঘাতে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। বিএনপির নেতারা দাবি করেছেন, পুলিশের লাঠিপেটায় তাঁদের ২২ নেতা–কর্মী আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও বিএনপির নেতারা বলেন, আজ সকাল ১০টার দিকে সাভারের ব্যাংক কলোনি এলাকায় ঢাকা জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর বাসভবনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা জেলা বিএনপির আয়োজিত সমাবেশে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তমিজ উদ্দীন, অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, নাজিম উদ্দীন মাস্টার, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক প্রমুখ উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সালাউদ্দিন বাবুর বাসভবনসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে পৌঁছালে পুলিশ তাঁদের বাধা দেয়। এ বাধা উপেক্ষা করে নেতা–কর্মীরা সামনে যেতে চাইলে পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় পুলিশ লাঠিচার্জ করে। বিএনপির নেতা–কর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে নেতা–কর্মীরা মানবঢাল তৈরি করে রুহুল কবির রিজভী ও নিপুণ রায় চৌধুরীকে নিরাপদ স্থানে নিয়ে যান। পরে তাঁরা ব্যক্তিগত গাড়িতে করে ঢাকার উদেশে রওনা হন। সংঘর্ষের সময় ঢাকা–আরিচা মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক প্রথম আলোকে বলেন, ‘জনগণের স্বার্থে পুলিশ সুপারের অনুমতি নিয়ে শান্তিপূর্ণভাবে আমরা কর্মসূচি পালন করছিলাম। পুলিশ আওয়ামী লীগের একটি অংশ হয়ে গেছে। তাই তারা ওই দলের স্বার্থে আঘাত লাগে, এমন কোনো কর্মসূচি সহ্য করতে পারে না। অন্যায়ভাবে চালানো পুলিশের লাঠিচার্জে আমাদের ২২ নেতা–কর্মী আহত হয়েছেন। এ সময় আমাদের কয়েকজনকে আটক করেছে পুলিশ। তবে সংখ্যাটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।’
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, বিনা অনুমতিতে মহাসড়ক অবরোধ করে সমাবেশ করার চেষ্টা করা হয়। এ সময় অনুমতির বিষয়ে জানতে চাইলে আকস্মিকভাবে তাঁরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপসহ হামলা চালান। এতে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাঁদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এ সময় তিনজনকে আটক করা হয়। তাঁদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।