সাভারে বিদ্যুৎ পেয়েছে ৪৬ ট্যানারি, গ্যাস পায়নি একটিও
ঢাকার সাভারের চামড়াশিল্প নগরের অধিকাংশ ট্যানারি এখনো উৎপাদনের জন্য প্রস্তুত হয়নি। সেখানকার কোনো ট্যানারিই গ্যাসের সংযোগ পায়নি। বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে মাত্র ৪৬টিতে।
সাভারের হেমায়েতপুরের হরিণধরা গ্রামে গড়ে তোলা চামড়াশিল্প নগরের প্লট রয়েছে ১৫৫টি। গতকাল শনিবার সরেজমিনে দেখা যায়, এর মধ্যে কোনো কোনো প্লটে অবকাঠামো তৈরির কাজই শুরু হয়নি। আবার কোনোটির আংশিক কাজ শেষ হয়েছে।
কয়েকটি ট্যানারির মালিক ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে ৪০টির মতো ট্যানারিতে চামড়া প্রক্রিয়াজাত করার প্রথম ধাপ ওয়েট ব্লুর কাজ চলছে। গ্যাসের সংযোগ না থাকায় দুটি ছাড়া অন্যগুলোতে পরের দুই ধাপের (ক্রাস্ট ও ফিনিশড) কাজ করা যাচ্ছে না। তবে ডিজেলের সাহায্যে বয়লার চালিয়ে অ্যাপেক্স ও রিলায়েন্স ট্যানারিতে ক্রাস্ট ও ফিনিশিংয়ের কাজ করা হচ্ছে।
অ্যাপেক্স ট্যানারির মহাব্যবস্থাপক মির্জা আনোয়ারুল কবীর বলেন, ক্রাস্ট ও ফিনিশিংয়ের জন্য বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে গ্যাসের সংযোগ। এ সংযোগ না পেলে চামড়া ক্রাস্ট ও ফিনিশিং করা যাবে না। তিনি বলেন, তাঁরা ডিজেলের সাহায্যে আপাতত ছোট পরিসরে চামড়া ক্রাস্ট করছেন।
তিতাস গ্যাসের সাভার কার্যালয়ের ব্যবস্থাপক সিদ্দিকুর রহমান বলেন, গ্যাসের সংযোগ স্থানান্তরের জন্য হাজারীবাগ থেকে ৫৪টি নথি সাভার কার্যালয়ে পাঠানো হয়েছে। এসব নথির পাঁচটিতে সংযোগের জন্য মালিকপক্ষের কোনো আবেদন পাওয়া যায়নি। ৩৫টি নথির দাপ্তরিক কাজ শেষ হয়েছে। এ পর্যন্ত ডিমান্ড নোট অনুমোদন করা হয়েছে ৩৫টির। এর মধ্যে টাকা জমা দিয়েছে মাত্র ১৬টি প্রতিষ্ঠান। কিন্তু সার্ভিস লাইন ও আরএমএস (রেগুলেটিং অ্যান্ড মিটারিং সিস্টেম) কক্ষ না থাকায় ওই সব ট্যানারিতে সংযোগ দেওয়া সম্ভব হয়নি। এ ছাড়া নতুন করে সংযোগের জন্য আবেদন পাওয়া গেছে ৯২টি। এসব আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তা অনুমোদনের জন্য পরবর্তী ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর মহাব্যবস্থাপক সৈয়দ ওয়াহিদুল ইসলাম বলেন, এ পর্যন্ত ১৩৯টি ট্যানারির পক্ষ থেকে সংযোগের জন্য আবেদন পাওয়া গেছে। এর মধ্যে ট্রান্সফরমার স্থাপন করায় ৪৬টি ট্যানারিতে সংযোগ দেওয়া হয়েছে। ট্রান্সফরমার স্থাপন না করায় ৯৩টি ট্যানারিতে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না।
এদিকে ৪০টির মতো ট্যানারিতে ওয়েট ব্লুর কাজ শুরু হলেও পুরোপুরি চালু হয়নি কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার। এটি নির্মাণ করছে চীনের একটি কোম্পানি। গতকাল কথা বলার জন্য বর্জ্য শোধনাগারে গেলে কেউ কথা বলতে রাজি হননি।
তবে বর্জ্য শোধনাগার নির্মাণকাজের উপঠিকাদারের দায়িত্বে থাকা জাকির এন্টারপ্রাইজের প্রকৌশলী মো. জাহাঙ্গীর বলেন, তরল বর্জ্য শোধনের জন্য সাভারের চামড়াশিল্প নগরে দুটি ইউনিট আছে। এর মধ্যে একটি ইউনিট চালু করা হয়েছে। যন্ত্রের অভাবে অপর ইউনিট এখনো চালু করা যাচ্ছে না।