ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ঢাকা-আরিচা মহসড়কের ধামরাই উপজেলার জয়পুরা বাসস্ট্যান্ডের কাছে আজ শুক্রবার সকালে প্রাইভেট কার, বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন মারা গেছেন। নিহত তিনজনই প্রাইভেট কারের আরোহী। ওই গাড়ির আরেক যাত্রী আহত হন।
নিহত ব্যক্তিরা নাজিমুদ্দিন (৪৫), রইছুদ্দিন (৪০) ও নাসিরুদ্দিন (৩৮)। আহত ব্যক্তির নাম রহিম। তাঁকে প্রথমে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়।
নিহত ব্যক্তিদের সবার বাড়ি যশোর সদর উপজেলার বিভিন্ন এলাকায়। তাঁরা টঙ্গীর বিশ্ব ইজতেমায় যাচ্ছিলেন।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার প্রথম আলোকে বলেন, সকাল নয়টার দিকে প্রাইভেট কারটি জয়পুর বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে আরিচাগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে তিন যাত্রী মারা যান।
এর পর পেছন থেকে আসা একটি ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসের ১২ জন যাত্রী আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে। তাঁরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।