সাভারে সর্দি-জ্বরে আক্রান্ত শিশুর মৃত্যু, বাড়ি লকডাউন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারে জ্বর, সর্দি ও নিউমোনিয়া নিয়ে আজ রোববার সকালে এক শিশুর (১৩) মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে এলাকার লোকজন ঘর থেকে তার লাশ বের করতে বাধা দেন। খবর পেয়ে স্থানীয় প্রশাসন লাশ দাফনের ব্যবস্থা করে বাড়িটি লকডাউন করে দেয়।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি ও তার পরিবার সাভার পৌর এলাকার আইচানদ্দা এলাকায় থাকত। সে স্থানীয় একটি মাদ্রাসায় থেকে পড়ালেখা করত। বেশ কয়েক দিন আগে তার জ্বর, সর্দি ও নিউমোনিয়ার উপসর্গ দেখা দেয়। একাধিক হাসপাতালে চিকিৎসার পরও সে সুস্থ হচ্ছিল না। এ অবস্থায় দিন পাঁচেক আগে বাসা পাল্টে পরিবারটি পৌর এলাকায় ছায়াবীথি মহল্লায় চলে যায়। বাসাতেই তার চিকিৎসা চলছিল।

আজ সকাল নয়টার দিকে শিশুটি মারা যায়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকার লোকজন করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ঘর থেকে লাশ বের করতে বাধা দেন। শিশুটির মৃত্যুর কারণ করোনাভাইরাস কি না, তা নিশ্চিত হওয়ার জন্য নমুনা সংগ্রহ করে পরীক্ষার দাবি জানান তাঁরা। খবর পেয়ে স্বাস্থ্যকর্মীরা তার নমুনা সংগ্রহ করেন। এরপর স্থানীয় প্রশাসন লাশ দাফনের ব্যবস্থা করে বাড়িটি লকডাউন করে দেয়।

ঢাকা জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ৩ থেকে ১০ এপ্রিল পর্যন্ত সাভার ও ধামরাই থেকে ৪৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে সাভারে ১৫ জন আর ধামরাইয়ে ২৯ জন। তাঁদের কেউ করোনাভাইরাসে আক্রান্ত নন।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা বলেন, ছায়াবীথি এলাকায় যে শিশু মারা গেছে, সে বেশ কয়েক দিন ধরে জ্বর, সর্দি ও নিউমোনিয়ায় ভুগছিল। তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে সে করোনাভাইরাসে আক্রান্ত ছিল কি না। এরপরও বাড়িটি লকডাউন করে দেওয়া হয়েছে।