সাভারে ৫ ঘণ্টায়ও আগুন নিয়ন্ত্রণে আসেনি, কাজ করছে ১২ ইউনিট
ঢাকার সাভারে সিঙ্গার ইলেকট্রনিকসের গুদামে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের মোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে। এ ঘটনায় বেলা দেড়টা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ১২টি ইউনিট ৫ ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। দেড়টায় শেষ খবর পাওয়া পর্যন্ত আগুনের তীব্রতা কিছুটা কমেছে।
সাভার ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় সিঙ্গার ইলেকট্রনিকসের গুদামে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে সাভার ফায়ার সার্ভিস ও ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি করে মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আগুনের তীব্রতা বেশি হওয়ায় সাভার স্টেশন, সাভার ট্যানারি ফায়ার সার্ভিস, ঢাকার মিরপুর ফায়ার সার্ভিস ও কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি করে আরও আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম জানান, কালো ধোঁয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতি ও হতাহত সম্পর্কে জানা যায়নি। তদন্ত করে বিস্তারিত পরে জানানো হবে।