সামসুজ্জামানের ঘোষণার পর সিলেটে বিএনপির দেড় শতাধিক নেতার পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য দিচ্ছেন আলতাফ হোসেন। আজ দুপুরে সিলেট নগরীর মিরাবাজারে
ছবি: প্রথম আলো

সিলেটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নতুন জেলা ও মহানগর কমিটিতে ত্যাগীরা মূল্যায়ন না পাওয়ার অভিযোগ তুলে বিএনপির কেন্দ্রীয় সহ–স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক সামসুজ্জামানের দল ছাড়ার ঘোষণায় পর স্বেচ্ছাসেবক দলের তৃণমূলের দেড় শতাধিক নেতা একযোগে পদত্যাগ করেছেন।

আজ বুধবার বেলা তিনটার দিকে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা একযোগে পদত্যাগ করে পদত্যাগপত্র কুরিয়ারের মাধ্যমে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির কাছে পাঠান। এরপর তাঁরা নগরীর মিরাবাজারে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। পদত্যাগকারীদের মধ্যে স্বেচ্ছাসেবক দলের নতুন জেলা কমিটির সদস্যসহ বিভিন্ন উপজেলা ও পৌর শাখার স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পদে থাকা নেতারা আছেন।

স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা একযোগে পদত্যাগ করে পদত্যাগপত্র কুরিয়ারের মাধ্যমে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির কাছে পাঠান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও নতুন ঘোষিত জেলার আহ্বায়ক কমিটির সদস্য আলতাফ হোসেন। তিনি বলেন, ‘এক যুগ ধরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ব্যানারে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে রাজপথে সক্রিয় ভূমিকা রেখে জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছি। আমার মতো অসংখ্য নেতাদের বাদ দিয়ে নিষ্ক্রিয় ও অযোগ্যদের নিয়ে একটি হাস্যকর কমিটি উপহার দেওয়া হয়েছে। এ কমিটি দিয়ে তৃণমূলকে অপমান-অপদস্ত করা হয়েছে। এ জন্য তাঁরা একযোগে ১৫০ জন পদত্যাগ করেছেন। আগামীতে ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলরাও পদত্যাগ করবেন।’

সংবাদ সম্মেলনের পর আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, তাঁদের নেতা সামসুজ্জামান সব সময় দলকে দিয়ে এসেছেন। কিন্তু এখন তাঁকে অসম্মান করা হচ্ছে। বিএনপি বড় দল। কেন্দ্রে যাঁরা আছেন, তাঁরা সামসুজ্জামানকে এক ফোঁটা জল ভাবতে পারেন। কিন্তু সিলেটে বিএনপির রাজনীতির জন্য সামসুজ্জামান শুধু এক ফোঁটা জল না। তাঁর সঙ্গে ফোঁটা ফোঁটা করে সব জল শুকিয়ে যাবে।

গত ১৮ আগস্ট সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা দেন সামসুজ্জামান
ছবি: সংগৃহীত
আমার গড়া দলে আমি অবমূল্যায়নের মুখে পড়েছি। এর প্রতিক্রিয়া অঙ্গসংগঠন থেকে মূল দলেও গড়াবে। পদত্যাগকারীর সংখ্যা আরও বাড়বে।
সামসুজ্জামান, সদ্য দলত্যাগকৃত বিএনপি নেতা

১৭ আগস্ট সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। দুটি কমিটিতেই ত্যাগীরা স্থান পাননি অভিযোগ তুলে সামসুজ্জামান পদত্যাগের ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন করেন। এরপর ২১ আগস্ট স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটিতে থাকা ১১ জন পদত্যাগ করেন। এর দুই দিন পর তাঁতি দলের মহানগরের সভাপতি ফয়েজ আহমদ, সাধারণ সম্পাদক শওকত আলী ও সাংগঠনিক সম্পাদক আবদুল গফফার পদত্যাগ করেন।

সামসুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘ছাত্র রাজনীতি থেকে আমি বিএনপিতে যুক্ত। নিরবচ্ছিন্নভাবে ৩৬ বছর দলকে শুধু দিয়ে এসেছি। আমার গড়া দলে আমি অবমূল্যায়নের মুখে পড়েছি। এর প্রতিক্রিয়া অঙ্গসংগঠন থেকে মূল দলেও গড়াবে। পদত্যাগকারীর সংখ্যা আরও বাড়বে।’

বিএনপির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলীর ঘনিষ্ঠ হিসেবে সিলেটের রাজনীতিতে পরিচিত সামসুজ্জামান। কেন্দ্রীয় পদে থাকার আগে সিলেট জেলা বিএনপির সহ–সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জেলা সভাপতি ও কেন্দ্রীয় সহসভাপতি পদে ছিলেন। বিএনপির স্থানীয় রাজনীতিতে তাঁর একটি শক্তিশালী বলয় আছে, যা স্থানীয়ভাবে জামান গ্রুপ নামে পরিচিত। এই বলয় নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর অনুসারী।

তাঁর বিষয়ে কেন্দ্রের মহাসচিব থেকে শুরু করে গুরুত্বপূর্ণ অনেকের সঙ্গে কথা বলা হয়েছে। মহাসচিব বলেছেন, সামসুজ্জামানের যদি কোনো ক্ষোভ থাকে, তাহলে সেটা লিখিতভাবে তাঁকে জানাতে।
সাখাওয়াত হাসান জীবন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ)

সামসুজ্জামানের কেন্দ্রীয় পদ থেকে সরে যাওয়ার ঘোষণায় বিএনপির স্থানীয় নেতারা কোনো মন্তব্য করতে রাজি নন। তাঁরা এ ব্যাপারে কেন্দ্রীয় কমিটির দিকে তাকিয়ে আছেন।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) সাখাওয়াত হাসান জীবন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, জামান (সামসুজ্জামান) একজন নিবেদিত কর্মী। দলের অনেক চড়াই-উৎড়াইয়ে তিনি ছিলেন। রাজনীতি একটি চলমান প্রক্রিয়া। এই কমিটি তো শেষ কমিটি না। তবে তাঁর বিষয়ে কেন্দ্রের মহাসচিব থেকে শুরু করে গুরুত্বপূর্ণ অনেকের সঙ্গে কথা বলা হয়েছে। মহাসচিব বলেছেন, সামসুজ্জামানের যদি কোনো ক্ষোভ থাকে, তাহলে সেটা লিখিতভাবে তাঁকে জানাতে।

কখন, কে পদত্যাগ করেছেন—সেটি সুনির্দিষ্টভাবে তাঁকে জানানো হয়নি বলে দাবি করেন সাখাওয়াত হাসান। তবে সামসুজ্জামানের বিষয়ে কেন্দ্রীয়ভাবে পদক্ষেপ নিলে এ পরিস্থিতি কেটে যাবে বলে মনে করেন তিনি।