সামাজিক বনায়নের সদস্য খুনের ঘটনায় মামলা
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বাঘাছড়া বনাঞ্চলে সামাজিক বনায়নের এক সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনায় তাঁর স্ত্রী স্থানীয় থানায় মামলা করেছেন। এ ঘটনায় পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার ও একজনকে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার দিবাগত রাতে বাঘাছড়া বনের সামাজিক বনায়ন এলাকায় সংঘবদ্ধ গাছচোর চক্রের সশস্ত্র সদস্যরা সামাজিক বনায়নের সদস্য সুন্দর আলীকে দা ও কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় সুন্দর আলীর স্ত্রী মনোয়ারা বেগম শুক্রবার রাতে কমলগঞ্জ থানায় সাতজনের নাম উল্লেখ করে মামলা করেছেন।
কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতেই কমলগঞ্জ থানার পুলিশ, বন বিভাগ ও বিজিবি যৌথ অভিযান চালিয়ে মামলার আসামি কালাম মিয়াকে (৩৩) গ্রেপ্তার করে। গতকাল শনিবার সকালে বাঘাছড়া গ্রাম থেকে এ ঘটনায় জড়িত সন্দেহে আজিম মিয়া (২৫) নামের আরও এক ব্যক্তিকে আটক করা হয়। আটক আজিম সুন্দর আলীকে হত্যার পরিকল্পনা-সম্পর্কিত তথ্য দিয়েছেন।
এ পর্যন্ত পুলিশ মামলার চার আসামির নাম প্রকাশ করেছে। তাঁরা হলেন সেলিম মিয়া (২৫), হেলাল মিয়া (৪০), ফারুক মিয়া (৩৭) ও কালাম মিয়া। চার আসামির নাম জানা গেলেও তদন্তের স্বার্থে বাকি তিনজনের নাম প্রকাশ করেনি পুলিশ।
হত্যা মামলার বাদী মনোয়ারা বেগম বলেন, আসামিরা প্রায়ই বাঘাছড়া বনের সামাজিক বনায়নের গাছ কেটে চুরি করত। তাঁর স্বামী সুন্দর আলীর পাহারার কারণে তারা ইচ্ছেমতো গাছ কাটতে পারত না।