সামান্য বাতাসে ভেঙে গেল ২৪টি গ্লাস

এ ঘটনা তদন্তের জন্য চার সদস্যদের কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন দিতে হবে পাঁচ কার্যদিবসের মধ্যে।

উদ্বোধনের সাত মাসের মধ্যে মাদারীপুরে সরকারি সমন্বিত অফিসের ১০ তলা ভবনের জানালার কাচ ভেঙে গেছে। গত রোববার তোলাছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরে সরকারি সমন্বিত অফিসের ১০ তলা ভবনের জানালার ২৪টি গ্লাস ভেঙে গেছে। গত শুক্রবার সামান্য ঝোড়ো বাতাসে গ্লাসগুলো খুলে পড়ে।

সাত মাস আগে প্রায় ৭০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ওই ভবন উদ্বোধন করা হয়। এদিকে ভবনটির জানালার গ্লাস স্থাপনে ত্রুটি ও নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে।

এ ঘটনা তদন্তের জন্য গতকাল সোমবার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আজাহারুল ইসলামকে প্রধান করে চার সদস্যদের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

গণপূর্ত অধিদপ্তরের মাদারীপুর কার্যালয় সূত্রে জানা যায়, শহরের শকুনি লেকের উত্তর পাড়ের পুরোনো জেলা প্রশাসকের কার্যালয়ের জমিতে ২০১৬ সালে ১০ তলা সরকারি সমন্বিত অফিস ভবন নির্মাণের কাজ শুরু হয়। এতে ব্যয় ধরা হয় ৬৯ কোটি ৭০ লাখ টাকা। গত বছর ৩ আগস্ট ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জেলাভিত্তিক প্রথম সরকারি সমন্বিত অফিসটির উদ্বোধন করেন। ভবনটিতে ৪০টি সরকারি অফিসের কার্যক্রম চলবে। ১ ডিসেম্বর থেকে ভবনে বরাদ্দ দেওয়া শুরু হয়। এখন পর্যন্ত ২৫টি সরকারি অফিস ব্যবহারের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। এরই মধ্যে কিছু অফিসের কার্যক্রমও শুরু হয়েছে।

এদিকে, শুক্রবার বৃষ্টি ও হালকা ঝোড়ো বাতাস হওয়ায় ভবনটির ষষ্ঠতলার পূর্বদিকের উত্তরপাশের ৪২ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট উচ্চতার জানালার ২৪টি গ্লাস খুলে পড়ে ভেঙে গেছে। তবে ওই অংশের কক্ষগুলোতে এখনো কোনো অফিস কার্যক্রম শুরু করেনি।

হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাদারীপুর কার্যালয় রয়েছে এই ভবনে। এই অফিসের জেলা সহকারী পরিচালক মুয়িত উদ্দিন মোল্লা বলেন, ভাঙা অংশের কিছু কিছু অংশ অফিস কক্ষে প্রবেশ করে ও জানালার পাশে থাকা কম্পিউটার, ফটোকপি মেশিনসহ কিছু সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ বিষয়ে মাদারীপুরের গণপূর্ত নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, নতুন ভবনের ষষ্ঠ তলায় গ্লাসগুলো যথাযথভাবে লাগানো হয়নি। গ্লাসগুলো আলাদা করে ফ্রেম করে লাগাতে হবে। নয়তো বাতাসের চাপে সেগুলো ভেঙে পড়বে। ভবনের অন্য গ্লাসগুলো লাগানো ঠিক আছে। ষষ্ঠ তলায় গ্লাস স্থাপনে কিছুটা ত্রুটি থাকায় সমস্যা দেখা দিয়েছে। আগামী শনিবার ঢাকা থেকে একটি বিশেষ দল এসে পুরো ভবনটি পরীক্ষা করবে। গ্লাসসহ অন্য ত্রুটি অচিরেই সমাধান করে দেওয়া হবে।

ভবনটির স্থানীয় ঠিকাদার সৈয়দ আবুল বাশার বলেন, ‘ছয়তলার জানালার গ্লাসগুলো ভেঙে পড়ার পেছনে আমাদের কোনো ভুল নেই। যদি ভুল থেকে থাকে, সেটা গণপূর্ত বিভাগের কর্মকর্তাদের। আমাদের কর্মীরা ঠিকমতো গ্লাসগুলো বসিয়েছেন। এটা যাচাই করার কথা প্রকৌশলীদের। তাঁরাই ভালো বলতে পারবেন, কী কারণে গ্লাসগুলো ভেঙে গেছে।’

মাদারীপুরের জেলা প্রশাসক রহিমা খাতুন প্রথম আলোকে বলেন, ঝড়ের কারণে ভবনটির কিছু গ্লাস ভেঙে গেছে। এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। ভবনের নকশা নাকি নির্মাণসামগ্রীর ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হবে।